তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর (KKR) এবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে। ১৬ মে তারা মুখোমুখি হবে ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাটের (GT)। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচ কেকেআরের কাছে কার্যত ‘করো অথবা মরো’। মৌসুমের শুরুটা একেবারেই প্রত্যাশামতো ছিল না নাইটদের। তবে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে অজিঙ্ক রাহানের দল। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় তুলে নিয়ে তারা আবার প্লে-অফের দৌড়ে নিজেদের ফিরিয়ে এনেছে। যদিও আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আরসিবির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারতে হয়েছে, তবুও ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী কেকেআর শিবির।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছে গুজরাট টাইটান্স (GT)। টানা পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর শুভমন গিলের দল কলকাতায় জয় তুলে নিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করার লক্ষ্যেই নামবে। ফলে দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে। ব্যাটিং বিভাগে কেকেআরের ভরসা ওপেনিং জুটি। অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে বিধ্বংসী কিউই ব্যাটার ফিন অ্যালেনকে। পাওয়ারপ্লেতে বড় শট খেলতে সিদ্ধহস্ত অ্যালেন একাই ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে, রাহানে নিজের ছন্দে ফিরতে মরিয়া। দলের অভিজ্ঞ ব্যাটার হিসেবে তাঁর কাঁধে বাড়তি দায়িত্বও থাকবে।
Read More: “পচা শামুকে পা কাটল..”, লখনউয়ের বিপক্ষে বিপর্যয়ের মুখে কার্তিকের লড়াই, চেন্নাইকে নিয়ে খিল্লি ভক্তদের !!
অবশেষে এন্ট্রি নিচ্ছেন মাতিসা পথিরানা

তরুণ অঙ্গকৃষ্ণ রঘুবংশী আগের ম্যাচে দুরন্ত ৭১ রানের ইনিংস খেলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন। ব্যাট ও বল -দুই বিভাগেই তাঁর অবদান দলের ভারসাম্য বাড়াচ্ছে। শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্বে থাকবেন রিঙ্কু সিং। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত এই বাঁহাতি ব্যাটার ম্যাচ ফিনিশ করার ক্ষমতা বহুবার দেখিয়েছেন। পাশাপাশি মনীশ পান্ডের অভিজ্ঞতা এবং অনুকূল রায়ের অলরাউন্ড পারফরম্যান্সও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বোলিং বিভাগে বরাবরের মতোই বড় ভরসা সুনীল নারাইন। দুর্দান্ত ইকোনমি রেটে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রেখেছেন তিনি। পেস আক্রমণে কার্তিক ত্যাগী এই মরশুমে কেকেআরের অন্যতম সেরা পারফরমার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। আরসিবি ম্যাচে অভিষেকে নজর কেড়েছেন সৌরভ দুবে। পাশাপাশি গতি তারকা উমরান মালিকের কেকেআর জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনাও জোরালো।
গুজরাটের বিরুদ্ধে KKR’এর সম্ভব্য একাদশ
অজিঙ্কা রাহানে (C), ফিন অ্যালেন, আংক্রিশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিংকু সিং , মণীশ পান্ডে, সুনীল নারিন, অনুকুল রায়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী, উমরান মালিক। ইমপ্যাক্ট – মাতিসা পথিরানা।