এই বছর আইপিএল (IPL 2026) বেশি কিছু বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আবহে এই টুর্নামেন্টের ম্যাচগুলি আয়োজন করার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছিল বিসিসিআইকে (BCCI)। এই বছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দিকে দেশবাসীর কড়া নজর ছিল। এই আবহে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হোম ম্যাচগুলি আয়োজন করা হয়। সিএবি (CAB) প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) দক্ষতার সঙ্গে ম্যাচগুলি আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার শনিবার বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যেতে পারে মহারাজকে বলে জল্পনা তৈরি হয়েছে।
Read More: “সামলাতে না পারলে ক্যাপ্টেন্সি…” KKR ম্যাচের আগে চাপে অক্ষর প্যাটেল, ইরফান পাঠান নিলেন একহাত !!
নতুন সরকারের শপথ গ্রহণ-

এই বছর পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে ভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছিল। দুই দফায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৩ আসনের ফলাফল প্রকাশ হয় ৪ মে। ২০৭ আসনে জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো বাংলায় সরকার করার লক্ষ্যে এগিয়ে যায় বিজেপি। আগামীকাল অর্থ্যাৎ শনিবার বাংলায় নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে চলেছে।
ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। অন্যদিকে গতকাল ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। অন্যতম জনপ্রিয় এই অভিনেতা বিজেপির হয়ে ভোট প্রচারের অন্যতম মুখ ছিলেন। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন পদ্মশ্রী পুরস্কার পাওয়া মমতা শঙ্কর। পন্ডিত অজয় চক্রবর্তী, পন্ডিত কুমার বোস, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের মতো বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
উপস্থিত থাকতে পারেন সৌরভ-

ভারতের অন্যতম তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ক্রিকেট প্রশাসক হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। বর্তমানে বাংলা ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন । একাধিক সময় তিনি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। একাধিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহারাজকে অতীতে দেখতে পাওয়া গেছে।
রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহাওয়ার মধ্যেই বিজেপি নেতা পিএন পাঠকের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর একটি ছবি ভাইরাল হয়। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। এর মধ্যেই সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের একজন বিশিষ্ট ব্যক্তি এবং বাংলা ক্রিকেট বোর্ডের প্রধান হিসাবে ব্রিগেডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলী আমন্ত্রণ পেয়েছেন বলে খবর সামনে এসেছে। তিনি শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।