আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে। এই ম্যাচে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। একের পর এক উইকেট হারিয়ে প্রথম ইনিংসে চাপের মুখে পড়ে গিয়েছিল সিএসকে। একমাত্র সঞ্জু স্যামসনের (Sanju Samson) দুরন্ত ইনিংসের হাত ধরে লড়াই চালায় তারা। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল মুম্বাই। ঘরের মাঠেই তাদের করুন দশা লজ্জার দৃষ্টান্ত তৈরি করল।
Read More: ওয়ানখেড়েতে ‘এল ক্লাসিকো’! মেগা ম্যাচে প্রথমবার একসাথে নেই ধোনি-রোহিত
বিশাল লক্ষ্যমাত্রা দেয় CSK-

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। ১৪ বলে মাত্র ২২ রান করেন তিনি। ৩ টি চার এবং ১ টি ছয় এসেছিল অধিনায়কের ব্যাট থেকে। টপ অর্ডারে সরফরাজ খান (Sarfaraz Khan) থেকে শিবম দুবে (Shivam Dube) পর্যন্ত দ্রুত আউট হয়ে দলকে কার্যত চাপের মুখে ফেলে দেন। ৮ বলে ১৪ রান করেন সরফরাজ। শিবম দুবে ফেরেন ৮ বলে ৫ রান করে।
এরপর ডেওয়াল্ড ব্রেভিসও (Dewald Brevis) ১১ বলে ২১ রান করে আউট হয়ে গেলে চেন্নাই বিপর্যয়ের মুখে পড়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন সঞ্জু। তিনি শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে ৫৪ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস গড়েন। এই তারকার ব্যাট থেকে আসে ১০ চার এবং ৬ টি চার। ফলে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে প্রভাব ফেলার চেষ্টা করেন আল্লাহ গজনফার (Allah Ghazanfar) এবং অশ্বিনী কুমার (Ashwini Kumar)। দুজনে মিলে ২ টি করে উইকেট সংগ্রহ করেন।
মুম্বাইয়ের লজ্জাজনক হার-

এই রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার লজ্জার দৃষ্টান্ত তৈরি করে। অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) ফেরেন ১০ বলে ৭ রান করে। বল হাতে জ্বলে উঠেছিলেন আকিল হোসেন (Akeal Hussain)। তার দুরন্ত বলে দানিশ মালেওয়ার (Danish Malware) এবং নমন ধীর (Naman Dhir) শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে জুটি বাঁধার চেষ্টা করেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং তিলক বর্মা (Tilak Varma)।
কিন্তু তারা দুজনেও স্কোরবোর্ড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। ৩০ বলে ৩৬ রান করেন সূর্যকুমার। তার ব্যাট থেকে আসে ৫ টি চার। অন্যদিকে ২৯ বলে ৩৭ রান করেন তিলক। তার ব্যাট থেকেও আসে ৫ টি চার। এরপর হার্দিক পান্ডিয়া ১ রানে এবং শেরফান রাদারফোর্ড (Sherfane Rutherford) শূন্য রানে আউট হয়ে গেলে ম্যাচ মুম্বাইয়ের হাতের বাইরে চলে যায়। ঘরের মাঠে ১৯ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় তারা।
ফলে চেন্নাই সুপার কিংস ১০৩ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে। উল্লেখ্য ৪ ওভারে ১ টি মেডেন এবং মাত্র ১৭ রান দিয়ে ৪ টি উইকেট পেয়েছিলেন আকিল হোসেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ টি উইকেট নেন নূর আহমেদ (Noor Ahmad)।