ডিজিটাল যুগে সেলিব্রিটিদের জীবন শুধুমাত্র মাঠ বা পর্দায় সীমাবদ্ধ নয় – বরং সোশ্যাল মিডিয়াতেই তাদের প্রতিটি পদক্ষেপ বিচার করা হয়। একটি সাধারণ ইনস্টাগ্রাম পোস্ট আবারও আলোচনায় নিয়ে এসেছে বিরাট কোহলির (Virat Kohli) অতীত সম্পর্ক। এই প্রথম নয়, গতবার আইপিএলের সময়েও অভনীত কৌরের পোস্টে লাইক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিরাট। এবারেও সেই লাইক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। তবে, সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তাঁর প্রাক্তন ব্রাজিলিয়ান প্রেমিকা ইজাবেল লেইতে। ঘটনার সূত্রপাত খুবই সাধারণ – একটি পোস্টে লাইককে ঘিরেই।
কিন্তু বিরাট কোহলির মতো একজন বিশ্বখ্যাত ক্রিকেটারের ক্ষেত্রে এই ছোট ঘটনাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে। তাঁর পোস্টে কোহলির লাইক দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। কিন্তু বিষয়টি আরও বড় আকার নেয় যখন একটি ইনস্টাগ্রাম পেজ কোহলির জীবনের বিভিন্ন নারীর ছবি একত্রে পোস্ট করে। এই তালিকায় ছিলেন তাঁর বর্তমান স্ত্রী অনুষ্কা শর্মা প্রাক্তন প্রেমিকা ইজাবেল লেইতে, অভিনেত্রী অবনীৎ কৌর এবং লিজল্যাজ। বারবার প্রেমিকা নিয়ে খবরের শিরোনামে থেকেছেন বিরাট, এবারেও বিরাটের কর্মকান্ড নেট পাড়ার চর্চার বিষয় হয়ে উঠেছে।
অতীত টেনে আনা নিয়ে ক্ষুব্ধ কোহলির প্রাক্তন ইজাবেল লেইত

পোস্টটির ক্যাপশনে কোহলির ‘রুচি’ নিয়ে মন্তব্য করা হয়, যা নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। এই পোস্টে ইজাবেল লেইতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি লিখেছেন, “১২ বছর হয়ে গেছে, মানুষ কেন এখনও এটা ভুলতে পারছে না?” এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, অতীতের সম্পর্ক বারবার টেনে আনা তাঁকে বিরক্ত করছে। ইজাবেল ও কোহলির সম্পর্কের সময়কাল ছিল ২০১২ থেকে ২০১৪। সেই সময় দুজনেই নিজেদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলেন।
Read More: CSK শিবিরে চোটের হানা, হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন আয়ুশ মাহত্রে !!
তবে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং পরবর্তীতে কোহলি অনুষ্কা শর্মা-এর সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৭ সালে কোহলি ও অনুষকার বিয়ে হয় এবং বর্তমানে তারা দুই সন্তানের অভিভাবক। ২০২১ সালে জন্ম নেয় তাদের কন্যা ভামিকা এবং ২০২৪ সালে পুত্র আকায়। ২০১৪ সালে তাঁর চলচ্চিত্র পুরানি জিন্স-এর প্রচারের সময় ইজাবেলকে কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর এই বিষয়ে কথা বলতে চান না। অন্যদিকে ইজাবেলও নিজের জীবনে এগিয়ে গেছেন। তিনি এখন বিবাহিত এবং পরিবারের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন। তবুও সোশ্যাল মিডিয়া তাঁকে বারবার অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
লাইক বিতর্কে আবার জড়িয়ে পড়লেন কোহলি

এই বিতর্ক নতুন নয়। এর আগেও অভিনেত্রী অবনীৎ কৌর-এর একটি ছবিতে কোহলির লাইক দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময় তিনি ব্যাখ্যা দেন যে এটি একটি “অ্যালগরিদম ত্রুটি” – অর্থাৎ প্ল্যাটফর্মের কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটি ঘটেছে। যদিও এই ব্যাখ্যা নিয়ে তখনও প্রশ্ন উঠেছিল। বিরাট কোহলির বর্তমান সময়ের কথা বলতে গেলে, আইপিএলের মঞ্চে আরসিবির হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। ছয় ম্যাচে কোহলি ৪৯.৪ গড়ে এবং ১৫৭.৩৩ স্ট্রাইক রেটে ২৪৭ রান বানিয়েছেন। চলতি আইপিএল মৌসুমে তাঁর একটাই লক্ষ থাকবে ট্রফি ডিফেন্ড করার। আপাতত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।