পাকিস্তান ক্রিকেটের একজন অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে পরিচিত মহম্মদ নাওয়াজ (Mohammad Nawaz)। বর্তমানে পাকিস্তান ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি খুব একটা ভালো ছন্দে নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও নিজ পারফরম্যান্স ফুটিয়ে তুলতে পারেননি তিনি। একেরপর এক ব্যার্থতা যেন লেগেই রয়েছে তার সঙ্গে। তবে এবার বেশ সমস্যার মুখে পড়লেন পাক তারকা ক্রিকেটার। একটি বিনোদনমূলক মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ার কারণে তিনি বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তদন্তাধীন রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও আলোড়ন সৃষ্টি হয়েছে।
তদন্তের মুখে পাকিস্তানি অলরাউন্ডার

তাঁর এই টেস্টটি নেওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সও খুব একটা ভালো ছিল না। দলটি সুপার এইট পর্ব থেকেই বিদায় নেয়। ওই সময় নওয়াজ পাকিস্তানের হয়ে সাতটি ম্যাচ খেলে মোট সাতটি উইকেট নিয়েছিলেন এবং ১৫ রান করেছিলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই বিষয়টি শনাক্ত করে এবং আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড -কে জানায়। এরপরই পিসিবি তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং জানায় যে তারা আইসিসির নির্দেশনা মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে। এই প্রক্রিয়ার ফলাফল দ্রুত আইসিসিকে জানানো হবে।
Read More: CSK শিবিরে চোটের হানা, হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন আয়ুশ মাহত্রে !!
যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবুও এর প্রভাব ইতিমধ্যেই পড়েছে তার ক্যারিয়ারে। ইংল্যান্ডের কাউন্টি দল সারে কাউন্টি ক্রিকেট ক্লাব-এর সঙ্গে তার একটি সম্ভাব্য চুক্তি ছিল। টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই সম্মতি জানিয়েছিলেন এবং সবকিছু চূড়ান্ত হওয়ার পথে ছিল। কিন্তু এই বিতর্ক সামনে আসার পর সেই চুক্তি বাতিল করা হয়েছে। ফলে টি-টোয়েন্টি ব্লাস্টে তার খেলা এখন আর হচ্ছে না। এই পরিস্থিতিতে নওয়াজের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে তার ইংল্যান্ডে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ায়। বর্তমানে তিনি মুলতান সুলতানসের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন।
ফর্মের সঙ্গে লড়াই করছেন নওয়াজ

সাম্প্রতিক ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মতো না হলেও, দলের অংশ হিসেবে তিনি নিয়মিত খেলছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তের ফলাফল। যদি নওয়াজ নির্দোষ প্রমাণিত হন, তবে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা ফিরে পেতে পারেন। কিন্তু যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে তার ক্যারিয়ার বড় ধরনের ধাক্কা খেতে পারে। নওয়াজ তাঁর ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে, ৬টি টেস্ট, ৪৪টি ওডিআই এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাটে বানিয়েছেন ১৫৯৩ রান এবং নিয়েছেন ১৬৬ উইকেট।