u-19-world-cup-aus-innings-report-vs-ind

U-19 World Cup: গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর এবার ২০২৪-এর অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের (U-19 World Cup) ফাইনালেও মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফির লড়াইতে জায়গা করে নিয়েছে ভারত। আর অস্ট্রেলিয়া রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। গত বছরের দুই ফাইনালেই জিতেছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যা পারেন নি, সেই লক্ষ্যপূরণেই আজ মাঠে নেমেছেন শচীন ধাস, উদয় সাহারাণ’রা। টুর্নামেন্টের ইতিহাসে দুই সফলতম দল ভারত এবং অস্ট্রেলিয়া। এর আগে টিম ইন্ডিয়ার যুবারা অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের খেতাব জিতেছে পাঁচ বার। অস্ট্রেলিয়ার ঘরে ট্রফি ঢুকেছে দুইবার। এর আগে দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দেশ। মুখোমুখি সাক্ষাতে এগিয়ে ভারতই। ২০১২ ও ২০১৮তে জয় পেয়েছিলো টিম ইন্ডিয়াই। যা আজ মাঠে নামার আগে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে ‘বয়েজ ইন ব্লু’র।

বেনোনি’র উইলোমুর পার্কে আজকের ফাইনালে টসে জেতে অজিরা। প্রথমে ব্যাটিং বেছে নেয় তারা। শুরুটা চমৎকার করেছিলো ভারত। অলরাউন্ডার রাজ লিম্বানির বলে কোনো রান করার আগেই ফেরেন স্যাম কনস্টাস। তারপর সমস্যার মুখে পড়তে হয় দলকে। হ্যারি ডিক্সন ও হিউ ওয়েবজেনের জুটি দ্রুত বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো অস্ট্রেলিয়াকে। শেষমেশ ২১তম ওভারে জুটি ভাঙে নমন তিওয়ারির বলে। দ্রুত ফেরেন ডিক্সন’ও। এরপর হরজস সিং, অলিভার পিক’রা কার্যকরী ইনিংস খেললেও রানের গতিতে বাঁধ দিতে সক্ষম হয় ভারতীয় বোলার’রা। বিশেষ করে ডেথ ওভারে আঁটোসাঁটো বোলিং করতে দেখা গেলো ভারতীয় বোলারদের। আলাদা করে নজর কাড়েন রাজ লিম্বানি। তিন উইকেট তুলে নেন তিনি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অনুর্দ্ধ-১৯ দল নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে থামে ৭ উইকেটের বিনিময়ে ২৫৩ রানে।

Read More: “কি হচ্ছে তা জানি না…” বিরাট কোহলির ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়ানো নিয়ে মন্তব্য এবি ডিভিলিয়ার্সের !!

পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার-

Naman Tiwari | U-19 World Cup Final | Image: Getty Images
Naman Tiwari | U-19 World Cup Final | Image: Getty Images

শুরুটা চমৎকার করেছিলেন ভারতের তরুণ’রা। রাজ লিম্বানির বল আছড়ে পড়ে অস্ট্রেলীয় ওপেনার স্যাম কনস্টাসের স্টাম্পে। ৮ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফিরে যান কনস্টাস। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলেই প্রথম উইকেট তুলে নিতে সক্ষম হয় ভারত। প্রতিপক্ষের স্কোরবোর্ডে তখন মাত্র ১৬। এরপর দ্বিতীয় উইকেটের জুটি ভাঙতে বেশ কাঠখড় পোড়াতে হলো টিম ইন্ডিয়াকে। অজি অধিনায়ক হিউ ওয়েবজেন কার্যকরী জুটি গড়েন ওপেনার হ্যারি ডিক্সনের সাথে। সাবলীল ভঙ্গিতেই মুশির খান, রাজ লিম্বানিদের বোলিং আক্রমণকে প্রতিহত করেন দুজনে। দৃপ্ত ছন্দে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলীয় স্কোরবোর্ড। শেষমেশ ২১তম ওভারে গিয়ে সাফল্য পায় নীল জার্সির যুবারা। নমন তিওয়ারি’র বলে মুশির খানের হাতে ক্যাচ দিয়ে বসেন ওয়েবজেন। ৬৬ বলে ৪৮ রান করে ফেরেন তিনি।

২৩তম ওভারে ম্যাচের মোড় ঘোরান সেই নমন’ই। উইকেটে থিতু হয়ে যাওয়া হ্যারি ডিক্সনকে ফিরিয়ে দেন তিনি। ক্যাচ ধরেন মুরুগান অভিষেক। ৫৬ বলে ৪২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। পরপর দুই উইকেট হারিয়েও ম্যাচে চালকের আসনে ভারতকে বসতে দেয় নি অস্ট্রেলিয়া। ভারতীয় বংশোদ্ভুত হরজস সিং’ই বাধা হয়ে দাঁড়ান উদয় সাহারাণের দলের সামনে। উইকেটরক্ষক রায়ান হিকস’কে সাথে নিয়ে ইনিংস পুনর্গঠনের কাজে মন দেন তিনি। চতুর্থ ইনিংসের জন্য ৬৪ রানের জুটি গড়েন দুজনে। বিপন্মুক্ত করেন অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় স্পেলে ফিরে এসে হিকসকে লেগ বিফোর করেন রাজ লিম্বানি। ২০ করেন তিনি। লড়াই চালিয়ে যান হরজস। সৌম্যি পান্ডে’র বলে উইকেট হারানোর আগে ৬৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

ফাইনালে ভারতকে লড়াইতে রাখলেন বোলাররা-

Raj Limbani | U-19 World Cup Final | Image: Getty Images
Raj Limbani | U-19 World Cup Final | Image: Getty Images

৩৮তম ওভারে হরজস সিং আউট হন। ৪০তম ওভারে সরফরাজ খানের ভাই মুশির খানের বলে কট অ্যান্ড বোল্ড হন র‍্যাফ ম্যাকমিলান। স্কোরবোর্ডে তখন ১৮৭। এরপর ইনিংসের হাল ধরেন অলিভার পিক। তাঁর ৪৩ বলে ৪৬ রানের সৌজন্যেই ২৫০-এর গণ্ডী পেরোতে সক্ষম হলো অস্ট্রেলিয়া। পিকে ঝোড়ো ইনিংস সত্ত্বেও শেষ দশ ওভারে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে ৬৪ রান। ডেথ ওভারে অতিরিক্ত রান খরচ না করার জন্য সাধুবাদ প্রাপ্য ভারতের বোলারদের। ৪৬তম ওভারে চার্লি অ্যান্ডারসনকে আউট করেন রাজ লিম্বানি। আজকের ফাইনালে অনবদ্য বোলিং করলেন তিনি। ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়েছেন রাজ।

বাকি বোলারদের মধ্যে ২ উইকেট নিলেও ৯ ওভারে খরচ করেছেন ৬৩। ইকোনমি ৯.০০। তবে রান আটকাতে সাহায্য করেছেন সৌম্যি পান্ডে, মুরুগান অভিষেকরা। সৌম্যি ১০ ওভারে ৪১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। মুরুগান উইকেট না পেলেও ১০ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মাত্র ৩৭ রান। ৯ ওভারে ৪৬ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন মুশির খান’ও। এই বাইশ গজে ২৫৪ রানের লক্ষ্যমাত্রা খুব কম নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অস্ট্রেলীয় দলের গভীরতা চিন্তায় রেখেছে ভারতীয় সমর্থকদের। গত বছরের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ, দুই ম্যাচেই চাপ সামলাতে না পেরে হারতে হয়েছে ভারতকে। সাথে ব্যাটিং ব্যর্থতাও হয়েছে স্বপ্নভঙ্গের কারণ। যাবতীয় প্রতিকূলতাকে পিছনে ফেলে উদয় সাহারাণ, আদর্শ সিং-দের হাতেই উঠুক অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের ট্রফি, এখন সেই প্রার্থনাই চলছে দেশজুড়ে।

Also Read: IND vs ENG: “আমায় কিছু জানানোই হয় নি…” টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আবেশ খানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *