২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আগাগোড়া সেরা একাদশই মাঠে নামানোর ভাবনা ছিলো টিম ইন্ডিয়ার। তারকা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli) ছিলেন স্কোয়াডে। হায়দ্রাবাদে শুরু করেছিলেন অনুশীলন’ও। আচমকাই ২১ জানুয়ারি সন্ধ্যেবেলা তাঁর শিবির ছাড়ার খবর সামনে আসে। ঘটনাচক্রে পরের দিন অর্থাৎ ২২ তারিখ ছিলো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও শ্রী রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। আমন্ত্রণপত্র পেয়েছিলেন কোহলি। অনেকেই মনে করেছিলেন স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সাথে এই অনুষ্ঠানে যোগ দেবেন বিরাট। ২২ তারিখ সন্ধ্যায় বা ২৩ তারিখ ফিরবেন জাতীয় শিবিরে। তবে অযোধ্যার অনুষ্ঠানে দেখা যায় নি কোহলিকে। জাতীয় শিবিরেও ফেরেন নি তিনি। এরপরেই বিরাটকে নিয়ে জল্পনা শুরু হয় ক্রিকেটমহলে।
টেস্ট সিরিজ শুরুর ঠিক দিনদুয়েক আগে অর্থাৎ ২৩ জানুয়ারি দুপুরে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই ঘোষণা করে যে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে প্রথম দুই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া পাচ্ছে না বিরাট কোহলিকে (Virat Kohli)। জানানো হয় যে ব্যক্তিগত কারণেই সরে দাঁড়িয়েছেন তিনি। তারকা ব্যাটার যে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) অনুমতি নিয়েই অব্যাহতি নিচ্ছেন টেস্ট স্কোয়াড থেকে, তাও জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। সংবেদনশীল মুহূর্তে বিরাটের গোপনীয়তা রক্ষার অনুরোধও করা হয় জয় শাহ, রজার বিনিদের পক্ষ থেকে। এরপরেই বিরাটের (Virat Kohli) অনুপস্থিতি নিয়ে শুরু হয় জল্পনা। কেউ কেউ জানান যে মা সরোজ কোহলির অসুস্থতার জন্যই নাকি ছুটিতে বিরাট। পরে যদিও তাঁর দাদা বিকাশ কোহলি এই খবরকে নস্যাৎ করেন।
Read More: IND vs ENG: চোট নয়, এই মারাত্মক কারণে টিম ইন্ডিয়া থেকে আউট শ্রেয়াস আইয়ার, সামনে এল বিষ্ফোরক তথ্য !!
সম্পূর্ণ সিরিজে নেই বিরাট কোহলি-

প্রথমে জানা গিয়েছিলো যে হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলবেন না কোহলি (Virat Kohli)। রাজকোট থেকে তাঁর প্রত্যাবর্তনের আশায় ছিলেন অনুরাগীরা। কিন্তু দ্বিতীয় টেস্টের পরেও তাঁর মাঠে নামার সম্ভাবনা নিয়ে আশ্চর্য রকমের চুপ দেখিয়েছিলো বিসিসিআই-কে। সংবাদমাধ্যম PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এক বোর্ড কর্তা জানিয়েছিলেন, “বিরাট তখনই টেস্ট ক্রিকেটে ফিরবে, যখন ও মনে করবে যে ও মাঠে নামতে তৈরি।” কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেন নি কোচ রাহুল দ্রাবিড়’ও (Rahul Dravid)। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “আমার মনে হয় এটা নির্বাচকদের জিজ্ঞেস করলেন ভালো হবে কারণ কিছুদিনের মধ্যে তাঁরাই স্কোয়াড ঘোষণা করবেন। আমরা ওর সাথে যোগাযোগ করবো, তারপরেই সবটা জানতে পারবো।”
বিরাট কোহলির (Virat Kohli) খেলা নিয়ে তৈরি হওয়া যাবতীয় জল্পনার উত্তর অবশেষে পাওয়া গেলো গতকাল। সকালবেলা বোর্ডের তরফে যে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে সেখানে জায়গা হয় নি বিরাটের। বিসিসিআই জানিয়েছে ব্যক্তিগত সমস্যার কারণে বাকি থাকা তিনটি টেস্টেও খেলছেন না তিনি। বোর্ড যে এই সময় ক্রিকেট মহাতারকার পাশেই রয়েছে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর আগে ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছিলো বিদেশে রয়েছেন কোহলি (Virat Kohli)। তিনি আদৌ দেশে ফিরেছেন কিনা তা নিয়ে কোনও তথ্য মেলে নি। সিরিজ শুরু হওয়ার আগে বিরাটের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন রজত পতিদার (Rajat Patidar)। তিনি বিশাখাপত্তনমে মাঠেও নেমেছিলেন। বাকি তিন টেস্টের দলেও রয়েছেন মধ্যপ্রদেশের ক্রিকেটার।
কোহলির কাছে ক্ষমা চাইলেন ডিভিলিয়ার্স-

বিরাট কোহলির (Virat Kohli) না খেলা নিয়ে চলতে থাকা জল্পনায় নতুন মাত্রা যোগ করেছিলো এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) একটি মন্তব্য। ভারতীয় মহাতারকা ও প্রোটিয়া প্রাক্তনী আইপিএলের সুবাদে খুব কাছের বন্ধু। ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে জানান দ্বিতীয় সন্তান আসতে চলেছে কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার ঘরে। সেই কারণেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। ডিভিলিয়ার্সের (AB de Villiers) মন্তব্যকে অবিশ্বাস করেন নি ক্রিকেটজনতা। অনেকেই ‘বিরুষ্কা’কে শুভেচ্ছাও জানান।কিন্তু দিনকয়েকের মধ্যেই সম্পূর্ণ ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। অন্য এক ভিডিওতে নিজের পূর্বের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। অনুতপ্ত ডিভিলিয়ার্স পূর্বের ভিডিও’টি আগেই মুছে দিয়েছেন ইউটিউব থেকে।
গতকাল ভারতীয় স্কোয়াড প্রকাশিত হওয়ার পর এক ভিডিও বার্তায় ডিভিলিয়ার্স জানান, “আমার বন্ধু বিরাট কোহলি এখনও উপলব্ধ নয়। আমি সকলকে অনুরোধ করছি ওকে ওর প্রাপ্য গোপনীয়তাটুকু দেওয়ার জন্য। পরিবার সবকিছুর আগে। কেউ জানে না আসলে কি হচ্ছে। আমি কেবল ওকে যোগ্য সম্মানটুকু দেওয়ার কথা বলছি। আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি আমার আগের ভিডিওতে। তার জন্য আমি কোহলি পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।” নিজের কৃতকর্মে অনুতপ্ত ডিভিলিয়ার্স আরও জানান, “একদমই ঠিক করিনি। আমি যাচাই না করেই একটা তথ্য ভাগ করে নিয়েছি। আমি সকলকে অনুরোধ করছি ওকে, ওর পরিবারকে আর ওর ব্যক্তিগত সময়কে সম্মান করার জন্য। আশা রাখছি দ্রুত মাঠে ফিরবে এবং যেমনটা সবসময় করে, তেমনই প্রচুর রান করবে।”
Also Read: “বোর্ড সম্পূর্ণভাবে…” শেষ ৩ টেস্ট বিরাটের না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানালো BCCI, করলো এই মন্তব্য !!