২০২৬ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ফিটনেস। পিঠের সমস্যার কারণে তিনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে পারেননি। সেই ম্যাচে টস করতে নেমে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জানিয়েছিলেন, হার্দিক অসুস্থ থাকায় তিনি এক ম্যাচের জন্য অধিনায়কত্ব করছেন। পরে মুম্বই শিবিরের তরফে জানানো হয়, পিঠে ব্যথার কারণেই শেষ মুহূর্তে হার্দিককে বাইরে রাখতে হয়েছে। সমস্যা আরও বেড়েছে কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত। মুম্বই দল যখন রায়পুরের উদ্দেশ্যে রওনা দেয়, তখন বিমানবন্দরে দলের বাকি সদস্যদের দেখা গেলেও হার্দিককে দেখা যায়নি।
তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন কি না, সেই বিষয়েও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে তাঁর চোট কতটা গুরুতর, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। হার্দিকের পিঠের সমস্যা অবশ্য নতুন নয়। অতীতেও একই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। বিশেষ করে যাঁরা নিয়মিত জোরে বল করেন, তাঁদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা খুব সাধারণ। সেই কারণেই মুম্বই টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না বলেই মনে করা হচ্ছে।
Read More: সৌরভের অফিসে পুলিশের অভিযান-ক্যামেরা বন্ধের নির্দেশ, ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য !!
মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরছেন রোহিত শর্মা

তবে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে কারণ মুম্বইয়ের সামনে এখন প্রতিটি ম্যাচ কার্যত বাঁচা-মরার লড়াই। ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে তারা। বাকি সব ম্যাচ জিতলেও প্লে-অফে ওঠার জন্য অন্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। এই অবস্থায় অধিনায়কত্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদব দল সামলালেও তিনিও ব্যক্তিগত কারণে রায়পুর ম্যাচে থাকছেন না বলে জানা গিয়েছে। ফলে মুম্বইকে এখন বিকল্প অধিনায়কের খোঁজ করতে হচ্ছে।
এখানেই সামনে উঠে আসছে রোহিত শর্মার (Rohit Sharma) নাম। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। যদিও ২০২৩ মরশুমের পর তাঁকে সরিয়ে হার্দিককে দায়িত্ব দেওয়া হয়। এখন দুই অধিনায়কই অনুপস্থিত থাকায় অনেকেই মনে করছেন, রোহিতকে আবার দায়িত্ব দেওয়া হতে পারে। গত ম্যাচে চোট কাটিয়ে দলে ফিরেছেন রোহিত শর্মা। ৮৪ রানের একটি মারকাটারী ইনিংস খেলেছিলেন।তবে দল অন্য দিকও ভাবতে পারে। জশপ্রীত বুমরাহর অভিজ্ঞতা রয়েছে, যদিও তাঁর ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। পাশাপাশি তরুণ তিলক বর্মার নামও আলোচনায় এসেছে। ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় তাঁকেও ভবিষ্যতের বিকল্প হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার, মুম্বই শেষ পর্যন্ত কাকে নেতৃত্বের দায়িত্ব দেয়।