আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) লজ্জার পরাজয় মুছে ঘুরে দাঁড়ানোর লড়াই চালায়। ইডেনের মাটিতে প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy)। টসে জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ১৫৬ রানে লক্ষ্যমাত্রা দেয় তারা। এই রান তাড়া করতে নেমে আজও কলকাতার টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে যায়। একের পর এক উইকেট হারিয়ে দল কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিল। সেখান থেকে দলকে তুলে এনে দুরন্ত জয় এনে দেন রিঙ্কু সিং (Rinku Singh)।
Read Also: টানা হারের মাঝে স্বস্তি! KKR’এ যোগ দিলেন পাথিরানা
দুরন্ত ইনিংস রিঙ্কুর-

আজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে নেমে দুই ওপেনার সম্পূর্ণ ব্যর্থ হন। খাতাই খুলতে পারেননি আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টিম সেইফার্টও (Tim Seifert) শূন্য রানে ফিরে যান। জোফ্রা আর্চার (Jofra Archer), রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) দুরন্ত বোলিং’এ ব্যাটিং অর্ডারকে ছন্নছাড়া দেখাচ্ছিল। ক্যামেরন গ্ৰিন (Cameron Green) ফেরেন ১৩ বলে ২৭ করে। রোভম্যান পাওয়েল (Rovman Powell) ২০ বলে ২৩ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান।
ফলে এক সময় ম্যাচ কার্যত নাইটদের হাতের বাইরে বেড়িয়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রিঙ্কু সিং (Rinku Singh) দলের হাল ধরেন। তিনি অনুকূল রায়ের (Anukul Roy) সঙ্গে জুটি বেঁধে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন। শেষ ওভারে দলের বাকি ছিল ৯ রান। রিঙ্কু ২ টি চার এবং ১ টি ছক্কা হাঁকিয়ে দলকে দুরন্ত জয় এনে দেন। ৩৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন এই তারকা। হাঁকান ৫ টি চার এবং ২ টি ছয়। ফলে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিল কেকেআর।
রিঙ্কু সিং’এর মন্তব্য-

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যখন কিছু বিষয় আপনার মনের মত চলে না। তখন নিজের মধ্যেই বিরক্ত তৈরি হয়। আমি কোনো শট খেলার ক্ষেত্রে দ্বিধার মধ্যে ছিলাম না। আমার একটাই লক্ষ্য ছিল ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। কারণ ব্যাটিং পার্টনার এবং কোচের সঙ্গে এইরকমভাবে কথা হয়েছিল। ম্যাচ কঠিন পরিস্থিতির মধ্যে ছিল।
আমি ইনিংসটি গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম। অনেক সময় মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। ভুল শট খেলে ফেলি। আজ ভাগ্য সদয় ছিল আমরা ম্যাচটা জিতেছি। আমার নির্দিষ্ট কোনো ব্যাটিং অর্ডার নেই। যে কোনো জায়গায় আমি ব্যাট করতে পারি। আজকের ইনিংস আমায় আত্মবিশ্বাস দিয়েছে। দলের যখন প্রয়োজন হবে আমি নিজের ১০০ শতাংশ দেবো। মরসুমের এটা প্রথম জয়। আমরা এই জয়ের ধারাবাহিকতা রেখে এগিয়ে যাব।”