আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচে (IPL 2026) আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং গুজরাট টাইটান্স (GT)। একদিকে গত মরশুমের চ্যাম্পিয়ন আরসিবি, অন্যদিকে ২০২২ সালের শিরোপাজয়ী গুজরাট। ফলে ট্রফি জয়ের লড়াইয়ে দুই শক্তিশালী দলের সংঘর্ষ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। কোয়ালিফায়ার-১ ম্যাচে গুজরাটকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছেছিল আরসিবি। সেই ম্যাচে তাদের বোলিং ও ব্যাটিং দুই বিভাগই দারুণ ছন্দে ছিল। ফাইনালের আগে বেঙ্গালুরু শিবিরের সবচেয়ে বড় স্বস্তির খবর ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্টের (Philip Salt) দলে ফেরা।
মেগা ফাইনালে গুরুদায়িত্ব ভুবনেশ্বর-হ্যাজেলউডের কাঁধে

আঙুলের চোটের কারণে তিনি কিছুদিন মাঠের বাইরে ছিলেন। তবে এখন তিনি সম্পূর্ণ ফিট এবং একাদশে ফিরতে পারেন বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সল্টকে। যদিও টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে ভেঙ্কটেশ আইয়ারের ওপরও ভরসা রাখতে পারে। বোলিং বিভাগে একটি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। আহমেদাবাদের উইকেটে স্পিনারদের কিছুটা সাহায্য মিলতে পারে ভেবে পেসার জ্যাকব ডাফির পরিবর্তে তরুণ লেগ-স্পিনার সুয়াশ শর্মাকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারে আরসিবি। জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার ও ক্রুনাল পান্ডিয়াদের উপস্থিতিতে তাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভারসাম্যপূর্ণ।
Read More: IPL 2026: ঋষভ পান্থের পর অধিনায়কত্ব হারালেন শ্রেয়স আইয়ার, ‘সরপঞ্জ’কে ছাঁটাই পাঞ্জাব কিংসের !!
গিল-সুদর্শনের জুটির উপর নজর থাকবে সকলের

অন্যদিকে গুজরাট টাইটান্সের সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনিং জুটি। শুভমান গিল (Shubman Gill) ও সাই সুধারসন (Sai Sudharsan) গোটা মরশুমে ধারাবাহিকভাবে রান করেছেন। পাশাপাশি জস বাটলারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তবে মিডল অর্ডারের ব্যাটারদের অনিয়মিত পারফরম্যান্স দলকে কিছুটা চিন্তায় রাখছে। ফাইনালের মতো বড় ম্যাচে ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া ও জেসন হোল্ডারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দুই দলের বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। গুজরাটের হয়ে রশিদ খান, কাগিসো রাবাডা, প্রসিধ কৃষ্ণ ও মোহাম্মদ সিরাজ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সব মিলিয়ে আইপিএল ২০২৬-এর ফাইনালে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
IPL 2026 FINAL সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – বিরাট কোহলি, ফিল সল্ট/ভেঙ্কটেশ আইয়ার, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (অধিনায়ক), ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, রাশিখ সালাম, সুয়াশ শর্মা/জ্যাকব ডাফি।
গুজরাট টাইটান্স – শুভমান গিল (অধিনায়ক), সাই সুধারসন, জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর সাই কিশোর, কাগিসো রাবাডা, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ।