আপাতত ক্রিকেট ভক্তদের নজরে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026)। চলতি লিগে ইতিমধ্যেই অর্ধেকের বেশি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। আইপিএল সমাপ্ত হলে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে দেখা যাবে আফগানিস্তানকে। আফগানিস্তান ভারতের মাটিতে আসতে চলেছে এবং একটি টেস্ট ও তিনটি ওডিআই ম্যাচ খেলতে চলেছে। আইপিএলের মাঝে সাবেক ভারতীয় পেসার এবং দিল্লি ক্যাপিটালস দলের বর্তমান বোলিং কোচ মুনাফ প্যাটেলের (Munaf Patel) একটি সাক্ষাৎকার সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে মুনাফ প্যাটেল ভারতীয় দলের ব্যাটিং ও বোলিং দুই কোচকেই একহাত নিয়েছেন। মুনাফের মতে ভারতে বোলিং কোচের অভাব নেই তবুও দক্ষিণ আফ্রিকার মর্নে মরকেলকে (Morne Morkel) দায়িত্ব দেওয়া হয়েছে।
বোলিং কোচ নিয়ে মুখ খুললেন মুনাফ প্যাটেল

মুনাফের দাবি, ভারত সম্প্রতি যে টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে দুটি সিরিজ হেরেছে, দুটিই বোলিং কোচ ও ব্যাটিং কোচের ব্যর্থ প্রয়াসে। মন্তব্য করে তিনি বলেছেন, “ভারতে কি বোলিং কোচের অভাব ? আশীষ নেহরা গুজরাটের হয়ে প্রায় প্রত্যেকটা সিজিনে দলকে প্লে অফে পৌঁছেছেন। জাহির খানের মতন খেলোয়াড় যিনি দলের মেন্টরের ভূমিকা পালন করেছেন, ভারতে তো কোনো অভাব নেই, তবে দক্ষিণ আফ্রিকার মরকেল কেন ? ভারতের আবহাওয়া, স্পিন বোলিং ও বুঝবে কিভাবে ? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছে কোচিং স্টাফ নেই। গৌতম গম্ভীরের কোনো কোচিং স্টাফ নেই। গৌতম গম্ভীর ছাড়া একজন যোগ্য মানুষের নাম বলুন, যখন হেড কোচের প্রয়োজন ছিল তখন গম্ভীর ছাড়া আর কে ছিল ?”
Read More: চমকে দেওয়া পরিকল্পনায় এনগিডির প্রাণ বাঁচালেন বিরাটের বন্ধু, সামনে এল অজানা গল্প !!
মরকেল আসতেই সফল টিম ইন্ডিয়া

এরপর ভারতীয় দলের ব্যাটিং কোচ সিধাংশু কোটাককে নিয়েও সমালোচনা করেন। মুনাফ তার সাক্ষাৎকারে ব্যাঙ্গাত্মক ভাবে বলেন যে ঘরোয়া ক্রিকেট খেলা সিধাংশু কোটাক নাকি ভারতের ব্যাটিং কোচ। ভারতীয় দল যদিও সম্প্রতি সময়ে বেশ সফল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের কোচ ও কোচিং স্টাফের পরিবর্তন হয়েছিল। সে সময়ে দলের কোচ হয়েছিলেন গৌতম গম্ভীর এবং তিনি নিজের মতন করেই কোচিং স্টাফ বেছে নিয়েছিলেন। তাঁর তত্বাবধানে মর্নে মরকেল দলের বোলিং কোচ হয়েছিলেন। তবে মরকেলকে নিয়েই টিম ইন্ডিয়া দুটি আইসিসি শিরোপা জিতেছে। ২০২৫’এর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬’এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আসলে, ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, আর সেটিই টিম ইন্ডিয়ার একমাত্র লক্ষ হতে চলেছে। আর দক্ষিণ আফ্রিকার পরিবেশে মরকেলের থেকে ভালো কোচ কোথাও পাবে না টিম ইন্ডিয়া।