এই বছর আইপিএলের (IPL 2026) ফাইনাল ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। ফলে হাজার-হাজার দর্শক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হয়ে প্রিয় দলকে সমর্থন জানান। চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। বিশ্বের সবচেয়ে বড়ো এই ক্রিকেট স্টেডিয়ামে গত কয়েক বছরে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে দেখা গেছে। সম্প্রতি এই স্টেডিয়ামকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন আইপিএলের অন্যতম প্রতিষ্ঠাতা ললিত মোদি (Lalit Modi)। এবার তিনি নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ভেঙে ফেলতে চান বলে স্পষ্ট জানিয়ে দিলেন।
Read More: মেসির অর্জিত সম্মান মিশল ধুলোয়, কিংবদন্তির স্মৃতি রক্ষা করতে ব্যর্থ কলকাতা !!
বিশ্বের সবচেয়ে বড়ো স্টেডিয়াম-

পূর্বে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম ছিল মোতেরা স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ভেঙে ২০১৫ সালে নতুন করে অত্যাধুনিক স্টেডিয়ামের রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে এর দর্শক আসন সংখ্যা ১,৩২,০০০। বিশ্বের সবচেয়ে বড়ো এই ক্রিকেট স্টেডিয়ামে গত কয়েক বছরে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
২০২০ সালে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভারত সফর উপলক্ষে এই স্টেডিয়ামেই ‘নমস্তে ট্রাম্প’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2023) ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia Match)। এই বছর বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিও এই গুরুত্বপূর্ণ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই মাঠেই সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) বিশ্বকাপ জয় করে নতুন ইতিহাস রচনা করে।
ললিত মোদির বিস্ফোরক মন্তব্য-

বিশ্বের সবচেয়ে বড়ো ক্রিকেট স্টেডিয়াম হওয়া সত্বেও এখানে একাধিক অত্যাধুনিক সুবিধা নেই বলে এবার অভিযোগ তুলেছেন। প্রাক্তন আইপিএলের প্রধান নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ভেঙে নতুন করে তৈরি করতে চান বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, “আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে স্টেডিয়ামটি ভেঙে সম্পূর্ণ নতুন করে তৈরি করতাম।
আধুনিক এসকেলেটর, আধুনিক রান্নাঘর এবং আধুনিক রেস্তোরাঁ দিয়ে বছরের প্রতিটা দিনের জন্য গন্তব্যস্থল হিসেবে গড়ে তুলতাম। প্রযুক্তি এখন হাতের মুঠোয় রয়েছে। আমাদের এখানে ফাইভ-স্টার টয়লেট গড়ে তুলতে হবে। স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হওয়া অত্যাধুনিক অবকাঠামোর প্রয়োজন রয়েছে। স্টেডিয়ামে প্রবেশ করতে এবং দর্শকদের বেরিয়ে যেতে যাতে পাঁচ মিনিট সময় লাগে এই ব্যবস্থা করতে হবে।”
ললিত মোদি আরও বলেন, “একটি ম্যাচ তিন ঘন্টা সময়ের হতে পারে। কিন্তু দর্শকরা অনেক আগেই স্টেডিয়ামে চলে আসেন এবং তারা পাঁচ থেকে ছয় ঘন্টা সময় কাটান। ফলে তাদের জন্য স্বাস্থ্যসম্মত সুবিধা, মানসম্মত খাবার এবং আরামদায়ক পরিবেশের প্রয়োজন। এখানে সেটা নেই।”