আইপিএলে (IPL 2026) বর্তমানে প্লে অফের লড়াই রীতিমতো জমে উঠেছে। এই বছরও একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচের জয় তুলে নিয়ে নিজেদের দাপট বজায় রেখেছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। পিছিয়ে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (Royal Challengers Bangaluru)। তবে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians), কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মতো দল চলতি টুর্নামেন্টে একেবারেই ছন্দে নেই। নাইট বাহিনী প্রথম ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়ে যাত্রা শুরু করেছে। শেষ ম্যাচে অবশেষে জয় পেলেও তাদের প্লে অফে পৌঁছানোর লড়াইটা যথেষ্ট কঠিন। কোন সমীকরণে শেষ চারে জায়গা করে নেবে আজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) এবার জেনে নেওয়া যাক।
Read More: “যেখানে-সেখানে ব্যাট করতে পাঠায়..”, দলকে ম্যাচ জিতিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিঙ্কু সিং !!
ধারাবাহিকভাবে ব্যর্থ KKR-

২০২৪ মরসুমে ট্রফি জয়ের পর কলকাতা নাইট রাইডার্স দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানেকে নিয়ে আসা হয়। কিন্তু তার নেতৃত্বে নাইট বাহিনী গত বছর প্লে ওফে পৌঁছাতে পারেনি। এই বছরও তাদের ব্যর্থতা অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে হারের সম্মুখীন হওয়ার পর সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ৬৫ রানে পরাজিত হয় নাইট বাহিনী।
এরপর পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। তারপর কলকাতা পরপর তিন ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে ৩ উইকেটে, চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৩২ রানে এবং গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়। এরপরই দলের একাধিক সমস্যা প্রকাশ্যে উঠে আসে।
এই সমীকরণে পৌঁছাবে প্লে অফে-

ধারাবাহিকভাবে পরাজিত হওয়ার পর জয়ের মধ্যে ফিরেছে আজিঙ্কা রাহানের দল। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে রিঙ্কু সিং (Rinku Singh) রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন। তিনি ৩৪ বলে অপরাজিত ৫৩ রান করে শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছে বরুণ চক্রবর্তীরা (Varun Chakaravarthy)। অন্যদিকে পাঞ্জাব কিংস’এর বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট এসেছিল। ফলে বর্তমানে ৩ পয়েন্ট রয়েছে নাইটদের কাছে। নিচে এই দলের প্লে অফে পৌঁছানোর সম্ভাবনাগুলি উল্লেখ করা হলো:
১) বাকি ৭ ম্যাচে জয় পেলে মোট ১৭ পয়েন্ট নিয়ে সরাসরি প্লে অফে প্রবেশ করবে কলকাতা।
২) যদি শেষ ৭ ম্যাচের মধ্যে ৬ ম্যাচেও কলকাতা জয় তুলে নিতে পারে তাহলে ১৫ পয়েন্ট নিয়েও প্লে ওফে পৌঁছানোর লড়াইয়ে টিকে থাকতে পারে আজিঙ্কা রাহানেরা। তবে সেই ক্ষেত্রে নেট রান রেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।