বর্তমানে আইপিএলে (IPL 2026) অসংখ্য তরুণ ক্রিকেটারদের দুরন্ত পারফর্মেন্স করতে দেখা যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই রাজ্যের বিভিন্ন টি-টোয়েন্টি লিগ থেকে যাত্রা শুরু করে নিজেদের পরিচয় তৈরি করার চেষ্টা করেছেন। গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাজ্যে টি-টোয়েন্টি লিগগুলোর জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ নিয়ে সেইভাবে উন্মাদনা লক্ষ্য করা যায় না। সম্প্রতি এই টুর্নামেন্টকে নিয়ে সিএবি (CAB) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) নতুন করে পরিকল্পনা করেছেন। তবে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার বল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে বেঙ্গল ক্রিকেট বোর্ড।
Read More: TOP 4: এই ৪ ক্রিকেটার আগামী IPL’এ হারাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব, স্পষ্ট করলেন প্রাক্তন তারকা !!
বেঙ্গল টি২০ লিগ নিয়ে বিতর্ক-

আইপিএলের মধ্যেই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নতুন মরসুমের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয় যে এই টুর্নামেন্টে ‘কোকাবুরা’ বলের বদলে ‘এসজি টেস্ট এলই’ বলে খেলা হবে। এই সিদ্ধান্ত নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে। ফলে সূত্র অনুযায়ী সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) মাঠে নামতে হয়েছে। তিনি সম্প্রতি এই বিষয়ে একটি বৈঠক ডাকেন। বিশ্বের বেশিরভাগ টি-টোয়েন্টি লিগে ‘কোকাবুরা’ বল ব্যবহার করা হয়।
অন্যদিকে এসজি বল ব্যবহার করা হয় ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে। কারণ এই বল দ্রুত নরম হয়ে যায়। দ্রুত মুভ করার পরিবর্তে কিছুটা থেমে আসে। ফলে বোলাররা নিজেদের দক্ষতা অনুযায়ী বোলিং করতে পারেন না। একইভাবে শট খেলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন ব্যাটসম্যানরাও। এর প্রভাব স্কোরবোর্ডেও স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যায়।
নেপথ্যে রয়েছে অদ্ভুত কারণ-

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের এক কোচ এই বিষয়ে বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে এখন রীতিমতো বলের ওপর কার্যত অত্যাচার হতে দেখা যায়। পরপর বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকাতে দেখা যায়। সেই ক্ষমতা সহ্য করার শক্তি নেই এসজি বলের।” কিন্তু সব জেনেও সিএবি কেন এবং সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্র অনুযায়ী এর পিছনে রয়েছে খরচ কমানোর পরিকল্পনা। উল্লেখ্য ভারতে এক-একটি এসজি বলের দাম তিন থেকে চার হাজার টাকা।
কোকাবুরা বলের দাম আরও বেশি। ফলে সেই ক্ষেত্রে টুর্নামেন্টে পুরুষ এবং মহিলাদের মোট ৬২ টি ম্যাচ মিলিয়ে বলের পিছনে কয়েক লক্ষ টাকা বোর্ডের খরচা কমবে। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ কমিটির প্রধান সমীরণ দাস এই বিষয়ে বিস্তারিতভাবে না বললেও তিনি জানান টুর্নামেন্টের টেকনিক্যাল বিষয়গুলি সিএবির পক্ষ থেকে নেওয়া হয়। এরমধ্যেই জল্পনা তৈরি হয়েছে যে সমস্ত সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সচিব মদন ঘোষের মস্তিষ্ক। তিনি অতীতেও খরচ বাঁচানোর অজুহাত দেখিয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন।