ক্রিকেটে রান সংগ্রহ করার ক্ষেত্রে ব্যাটসম্যানদের জুটি গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর সেটা যদি প্রথম ইনিংসে ব্যাটিং হয় তাহলেতো কোনো কথাই নেই। জয়ের ভিত পেতে হলে প্রথমেই ইনিংস উদ্বোধন করা দুই ব্যাটসম্যনকে দেখাতে হয় দৃঢ়তা। অন্যদিকে রান চেজ করার ক্ষেত্রেও এর বিকল্প নেই, কেননা বড় জুটির উপরই নির্ভর করে থাকে দলের জয় কিংবা পরাজয়।
এবার দেখে নেওয়া যাক একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা পাঁচটি ওপেনিং জুটি
৫. মার্ক ওয়াহ এবং অ্যাডাম গিলক্রিস্ট

বিশ্বের সেরা সব বোলারদের তুলোধুনা করা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা দুই অজি ক্রিকেটার মার্ক ওয়াহ ও দ্যা গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের সুবিধা কাজে লাগিয়ে এই দুই ব্যাটসম্যান আটবার শতরানের জুটি গড়তে সক্ষম হয়েছেন একদিনের ক্রিকেটে। একসাথে ৯৩ বার ইনিংস উদ্বোধন করতে নেমে ৩৯.৩৫ গড়ে ৩৬৬০ রান স্কোরবোর্ডে জমা করেছেন প্রাক্তন দুই অস্ট্রেলিয়ান।
৪.শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহবাগ

গ্যালারিতে বসে থাকা দর্শকদের বিনোদনের খোরাক যোগানো ভারতীয় দুই ওপেনার লিটল মাস্টার শচীন ও সেহবাগ জুটি ২০১১ বিশ্বকাপে সবচেয়ে বেশি সফল ছিল। তাঁদের হাত ধরেই বেশিরভাগ ম্যাচে বড় সংগ্রহ কিংবা রান তাড়া করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তাই এই ওপেনিং জুটি ছিল প্রশংসার দাবিদার।
৯৩টি ম্যাচে আকাশী নীল জার্সি গায়ে ওপেনিং করতে নেমে এই দুই ভারতীয় ব্যাটসম্যান ৪০.২৭ গড়ে করেছেন ৩৭৪৫ রান।
৩. গর্ডন গ্রিনিচ এবং ডেসমন্ড হেইন্স

উইন্ডিজ ক্রিকেটের স্বর্ণযুগের দুই ব্যাটসম্যান গ্রিনিচ ও হেইন্স এর অগ্নিঝরা ব্যাটিংয়ে বহু ম্যাচে বড় পুঁজি পেয়েছে ক্যারিবিয়ানরা পাশাপাশি পেয়েছে জয়ও। একসাথে ১০২ ম্যাচের ইনিংস উদ্বোধন করা এই দুই জনপ্রিয় ব্যাটসম্যান ৪৮.৩২ গড়ে করেছেন ৪৭৮৪ রান। তাঁদের সর্বোচ্চ রানের জুটিটি আসে পাকিস্তানের বিপক্ষে ১৯৮১ সালে ১৮২ রানের।
২. ম্যাথু হেইডেন ও অ্যাডাম গিলক্রিস্ট

ক্রিকেট ইতিহাসে অন্যতম বিপদজনক ওপেনিং জুটি হিসেবে খ্যাতি রয়েছে এই দুই অজি ক্রিকেটারের। বোলারদের বিন্দুমাত্র ছাড় না দেওয়া এই জুটি বিশ্বের বাঘা বাঘা বোলারদের বুকে কাঁপন ধরিয়ে দিতেন মুহূর্তেই। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া দলের কাণ্ডারির ভূমিকায় থাকা এই দুই ব্যাটসম্যান একসাথে ১১৪টি ম্যাচে ওপেনিং করেছেন। ৪৩.৪৯ গড়ে একদিনের ক্রিকেটে এই জুটির রানসংখ্যা ৪৮২৭।
১.শচীন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি

এক প্রান্তে ভারতের সর্বকালের সেরা ব্যাটিং স্তম্ভ লিটল মাস্টার শচীন অন্যপ্রান্তে আরেক জনপ্রিয় অধিনায়ক ‘প্রিন্স অব কলকাতা’ খ্যাত সৌরভ গাঙ্গুলি। যেকোনো দলের বোলিং লাইনআপকে দুমরে-মুষরে দেয়ার জন্য ছিল যথেষ্ট ছিল। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় দলের ব্যাটিং নির্ভরতার দুই প্রতীক শচীন ও গাঙ্গুলি একসাথে ওপেনিং করেছেন ১৩৬টি ম্যাচে। যার মধ্যে ৪৭.৩৪ গড়ে খেলেছেন ২০টি শতরান ছাড়ানো ইনিংস ও রান করেছেন ৬৩৪৪।