চলমান আইপিএল (IPL 2026) ২০২৬-এর ২৬তম ম্যাচের মঞ্চ প্রস্তুত। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামী ১৮ই এপ্রিল ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে। আপাতত RCB দল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। পাঁচটি ম্যাচ খেলে তারা চারটি জিতেছে এবং রাজস্থানের কাছে একটি হেরেছে। আরসিবি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তারা এই ধারা বজায় রেখে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও আরও একটি ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্য রাখবে। অন্যদিকে, দিল্লি পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। চার ম্যাচে দুই জয় ও দুই পরাজয় নিয়ে দলটি এই মৌসুমে তাদের তৃতীয় জয়টি তুলে নেওয়ার লক্ষ্য রাখবে।
IPL 2026 RCB vs DC PITCH & WEATHER REPORT
RCB বনাম DC ম্যাচটি ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী ময়দানে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামের পিচটি সঠিক বাউন্স এবং গতির জন্য ‘ব্যাটিং স্বর্গ’ হিসেবেই পরিচিত।এই ভেন্যুতে খেলা শেষ ছয়টি ইনিংসের মধ্যে চারটিই ২০০ রানের গণ্ডি পার করেছে। এখানকার বাউন্ডারিও বেশ ছোট, দুপুরের খেলায় পেসারদের কোনো বাড়তি সুযোগ থাকবে না বলেই আশা করা হচ্ছে। স্পিনার দের জন্য সুযোগ থাকবে তবে এই মাঠে ব্যাটসম্যানদের মিস হিটও বাউন্ডারি টপকে যায়। প্রথম ইনিংসের গড় স্কোর ১৮৫-১৯০ রানের কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও আরসিবি যে ম্যাচগুলোতে ২০ ওভার খেলেছে তারা সব ম্যাচেই ২০০’এর বেশি রান বানিয়েছে।
এবার আবহাওয়ার কথা বলতে গেলে, বিকেল ৩:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত প্রধানত গরম ও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ম্যাচ শুরুর সময় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭°সেলসিয়াস থেকে ৩৮°সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে এবং আর্দ্রতার মাত্রা কমে ২০%-এ নেমে আসবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
দুই দলের একাদশ
দিল্লি ক্যাপিটালস (প্লেয়িং ইলেভেন): পথুম নিসাঙ্কা, কেএল রাহুল (ডব্লিউ), সমীর রিজভি, অক্ষর প্যাটেল (সি), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আকিব নবী দার, লুঙ্গি এনগিডি, কুলদীপ যাদব, টি নটরাজন, মুকেশ কুমার
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (প্লেয়িং ইলেভেন): বিরাট কোহলি, ফিলিপ সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাটিদার (সি), জিতেশ শর্মা (ডাব্লু), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, জোশ হ্যাজেলউড
টসের পর ক্যাপ্টেন দের বয়ান
রজত পাটিদার: প্রথমে ব্যাট করতে পেরে খুশি, কারণ এই পিচে আমরা প্রথমে ব্যাট করার পরিকল্পনা করছিলাম। এটা দিনের খেলা, পিচটা বেশ ভালো মনে হচ্ছে। তাই আমরা বোর্ডে একটা ভালো স্কোর তুলে ওদের চাপে ফেলব। (সবুজ উদ্যোগ প্রসঙ্গে) হ্যাঁ, আমার মনে হয় আমরা এই জার্সিটা পরি স্থায়িত্বের প্রতি আমাদের অঙ্গীকার দেখানোর জন্য এবং গ্রহের জন্য সবাইকে সবুজ পছন্দ করতে উৎসাহিত করার জন্য। (পরিবর্তন) না, আমরা একই দল নিয়ে খেলছি। (চিন্নাস্বামীতে ভালো খেলা প্রসঙ্গে) অবশ্যই, এর পেছনে অনেক পরিকল্পনা ছিল। আর আপনারা জানেন, এই বছর চিন্নাস্বামীতে আমাদের একটি ফাইনাল আছে, তাই আমাদের ঘরের মাঠের সব ম্যাচ জিততে হবে।
অক্ষর প্যাটেল – আমি প্রথমে বোলিং করতে যাচ্ছি। উইকেটটা বেশ ভালো এবং শক্ত মনে হচ্ছে। যেহেতু এটা দিনের খেলা, তাই উইকেটটা একটু ধীরগতির হতে পারে। এছাড়াও, চিন্নাস্বামী সাধারণত এমন একটি মাঠ যেখানে রান তাড়া করতে হয়, তাই আমরা রান তাড়া করতে চাইব। একারণেই আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একই একাদশ নিয়ে খেলছি। (দীর্ঘ বিরতি প্রসঙ্গে) যদি আপনি জিততে থাকেন, তাহলে বিরতিটা খারাপ হতো। কিন্তু যেহেতু আমরা শেষ দুটি ম্যাচ হেরেছি, তাই এই বিরতিটা আমাদের পুনরায় সংগঠিত হতে সাহায্য করেছে। এখন আমরা একটি দল হিসেবে আবার একত্রিত হয়েছি এবং নতুন উদ্যমে শুরু করার জন্য প্রস্তুত। অবশ্যই আমরা প্রতিপক্ষের দিকে নজর রাখছি, কিন্তু আমরা নিজেদের শক্তির উপর মনোযোগ দিচ্ছি এবং আমাদের পরিকল্পনায় অটল থাকছি। আমরা আমাদের পরিকল্পনা অনুসরণ করব এবং দেখব কী হয়।