গত কয়েকদিনে ভারতীয় ক্রিকেটজনতার চর্চার কেন্দ্রে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন তারকা অলরাউন্ডার। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৬ রানের চমৎকার ইনিংস খেলেন। বল হাতেও কার্যকরী ভূমিকা নেন। বিপত্তি বাঁধে চতুর্থ ইনিংস চলাকালীন। রান নিতে গিয়ে হ্যামস্ট্রিং-এ টান অনুভব করেন তিনি। চিকিৎসকরা জাদেজার অবস্থা খতিয়ে দেখে শেষ পর্যন্ত জানান যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না তাঁর। আরও জানা যায় যে সম্পূর্ণ ফিট হয়ে উঠতে অন্তত চার থেকে আট সপ্তাহ লাগতে পারে জাদেজার (Ravindra Jadeja)। ইংল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ সিরিজেই অনিশ্চিত হয়ে পড়েন তিনি। এমনকি শুরু থেকে আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছিলো আশঙ্কা।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাই তাঁর চোট পাওয়া চিন্তায় ফেলেছিলো জাতীয় নির্বাচকদেরও। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছিলো বাম হাতি অলরাউন্ডারের। এনসিএ-র চিকিৎসকদের থেকে তাঁর ফিটনেসের চূড়ান্ত তথ্য আসার জন্য অপেক্ষা করছিলেন নির্বাচকেরা। সেই কারণেই একদিন সিরিজের শেষ তিন টেস্টের জন্য দল নির্বাচন’ও পিছয়ে দেওয়া হয়। শেষমেশ চিকিৎসকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাদেজাকে রেখেই শেষ তিন টেস্টের দল ঘোষণা করেন অজিত আগরকাররা (Ajit Agarkar)। তবে ওয়াকিবহল মহল জানাচ্ছে তৃতীয় টেস্টে, রাজকোটের মাঠে নামা অসম্ভব তাঁর। রাঁচী ও ধর্মশালায় খেলতে পারেন। ফিটনেস জটিলতা মিটলেও পারিবারিক কলহের মেঘ আপাতত ঘিরে ধরেছে তাঁকে। ক্রিকেটার ও তাঁর স্ত্রী’র দিকে সরাসরি আঙুল তুলেছেন রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধসিং জাদেজা।
Read More:তৃতীয় টেস্টেই ছুটি KS ভারতের, এই তরুণ তুর্কি ছিনিয়ে নেবেন জায়গা !!
সমস্যার মূলে রিভাবা, অভিযোগ অনিরুদ্ধসিং-এর-

গত কয়েকবছরে ক্রিকেটীয় সাফল্যের শৃঙ্গের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার অন্যতম প্রধান ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং-তিন বিভাগেই নাম সামিল করেছেন বিশ্বের সেরাদের তালিকায়। তবে ক্রিকেটার জীবনে প্রায় নিখুঁত হয়ে উঠতে পারলেও পারিবারিক জীবনে গলদ রয়ে গিয়েছে তাঁর। অন্তত এমনটাই অভিযোগ করছেন স্বয়ং তাঁর বাবা অনিরুদ্ধসিং জাদেজা (Anirudhsinh Jadeja)। গত বছর গুজরাত বিধানসভা নির্বাচনের আগেও জাদেজা পরিবারের ফাটল এসেছিলো প্রকাশ্যে। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। পক্ষান্তরে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গিয়েছিলো জাদেজার দিদি নয়না জাদেজা ও বাবা অনিরুদ্ধসিং-কে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ফাটল ফের প্রকাশ হয়ে পড়েছে। অনিরুদ্ধসিং (Anirushsinh Jadeja) গুরুতর অভিযোগ তুলে জানান, “সত্যি কথাই বলি, আমার সাথে রবি (রবীন্দ্র জাদেজা)-র কোনো সম্পর্ক নেই। আমরা ওর সাথে যোগাযোগ করি না। ও আমাদের সাথে যোগাযোগ করে না। রবি’র বিয়ের দুই-তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। আমি জানি না ও (রিভাবা জাদেজা) কি জাদু করেছে। ভালো হত যদি ওর বিয়ে না দিতাম। ভালো হত যদি ও ক্রিকেটার না হত। আমরা এই পরিস্থিতিতে পড়তাম না।” এছাড়াও পুত্রবধূর বিরুদ্ধে আরও একঝাঁক অভিযোগ আনেন তিনি। রিভাবাকে (Rivaba Jadeja) অর্থলিপ্সু বলেও সম্বোধন করেন। যেভাবে সংগ্রাম করে পুত্রের ক্রিকেটীয় কেরিয়ার গড়তে সাহায্য করেছিলেন, তার প্রাপ্য প্রতিদান পান নি বলেই অভিযোগ জানিয়েছিলেন তিনি।
ফুঁসে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা, প্রতিক্রিয়া রিভাবার’ও-

২০১৬ সালে বিয়ে হয় রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। তাঁর স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja) বর্তমানে ভারতীয় জনতা পার্টির টিকিটে গুজরাত বিধানসভার সদস্য। স্ত্রী’র বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করতে দ্রুত তৎপর হন স্বয়ং ভারতীয় ক্রিকেট তারকা। এক ট্যুইটবার্তায় বাবা’র তোলা অভিযোগ নস্যাৎ করে জানান, “এই হাস্যকর সাক্ষাৎকারে যা যা দাবী করা হয়েছে তা পুরোটাই অর্থহীন ও অসত্য। কেবল একপক্ষের কথা শোনানো হয়েছে। যা আমি অস্বীকার করছি। আমার স্ত্রী’র চরিত্রহননের যে চেষ্টা করা হচ্ছে তা নিন্দনীয় ও কুরুচিপূর্ণ। আমারও অনেক কিছু বলার রয়েছে, কিন্তু সেটা প্রকাশ্যে না জানানোই ভালো হবে।”
ভারতীয় সমর্থকদের মধ্যে এর আগে বেশ জনপ্রিয় ছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja)। কিন্তু অনিরুদ্ধসিং-এর অভিযোগ সামনে আসার পর ভাটা পড়ে সেই জনপ্রিয়তার। মানুষ চিনতে ভুল হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করতে দেখা গিয়েছিলো একঝাঁক সমর্থককে। অভিযোগ ওঠার পর দিনকয়েক কোনো প্রতিক্রিয়া আসে নি তাঁর থেকে। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে আর চুপ থাকতে পারেন নি তিনি। অনিরুদ্ধসিং-এর তোলা অভিযোগ সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা হলে রীতিমত মেজাজ হারান রবীন্দ্র জাদেজার স্ত্রী। কড়া গলায় রিভাবা (Rivaba Jadeja) বলেন, “এখানে আমরা কি জন্য এসেছি? যদি এই বিষয়ে কথা বলতে চান, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।”