বাংলার পুরুষ ও মহিলা ক্রিকেটের বয়সভিত্তিক দলের কোচিং কাঠামোয় বড়সড় পরিবর্তন আনল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) ও সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। নতুন তালিকা অনুযায়ী কিছু পুরনো মুখ যেমন জায়গা ধরে রেখেছেন, তেমনি যুক্ত হয়েছে নতুন দায়িত্বপ্রাপ্ত কোচও। পুরুষদের সিনিয়র দলে কোচ হিসেবে আবারও দায়িত্ব পেতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি এই পদে নিজেকে বহাল রেখেছেন। গত চার মৌসুম ধরেই এই পদে যুক্ত ছিলেন তিনি। পাশাপশি, অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে থাকছেন ঋদ্ধিমান সাহা, যিনি আগেও এই বিভাগে কাজ করেছেন।
পাশাপশি, অনূর্ধ্ব-১৯ দলের কোচ করা হয়েছে মনোজ তিওয়ারিকে। অনূর্ধ্ব-১৬ দলের দায়িত্ব পেয়েছেন অনুষ্টুপ মজুমদার, যিনি সদ্য খেলোয়াড়ি জীবন থেকে কোচিংয়ে প্রবেশ করলেন। প্রসঙ্গত, অনুষ্টুপ মজুমদার গত মরশুম পর্যন্ত বাংলার হয়ে খেলেছেন এবং বর্তমানে টি-২০ লিগেও সক্রিয় ছিলেন। অবসর নেওয়ার পর তিনি সরাসরি কোচিং দায়িত্বে যোগ দিচ্ছেন। অন্যদিকে ঋদ্ধিমান সাহার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তিনি অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বেই থাকছেন।
ঘরোয়া ক্রিকেটে দাপট দেখাতে রোডম্যাপ তৈরি সৌরভের

সাপোর্ট স্টাফেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সিনিয়র দলের সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন সুরেন্দ্র ভাবে। পাশাপাশি ফিজিও, ট্রেনার ও ভিডিও অ্যানালিস্ট পদেও নতুন নিয়োগ হয়েছে। অনূর্ধ্ব-২৩ দলে ঋদ্ধিমান সাহার সহকারী হিসেবে থাকছেন সাবির আলি, মনোজ তিওয়ারি দলের সঙ্গে রয়েছেন দত্তাত্রেয় মুখোপাধ্যায় এবং অনুষ্টুপ মজুমদারের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌতম সোম জুনিয়র। মহিলা বিভাগের ক্ষেত্রেও নতুন ঘোষণা করেছে CAB। সিনিয়র মহিলা দলের মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। হেড কোচ হয়েছেন প্রবাল দত্ত এবং সহকারী কোচ অনন্যা মিত্র।
অনূর্ধ্ব-২৩ মহিলা দলের প্রধান কোচ ঋতুপর্ণা রায়, সহকারী কোচ সুকন্যা পারিদা। অনূর্ধ্ব-১৯ দলে দায়িত্বে রয়েছেন হেড কোচ রুমেলি ধর এবং কোচ নেহা মাজি। অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্বে আছেন অর্পিতা ঘোষ, সহকারী কোচ দীপালি সাউ। তবে জানা গেছে, পুরুষদের কোচ নির্বাচন প্রক্রিয়ায় সাক্ষাৎকারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলেও, মহিলা দলের কোচ বাছাই তুলনামূলকভাবে ভিন্নভাবে সম্পন্ন হয়েছে বলে ময়দানের একটি অংশের মত। সবশেষে CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সব কোচদের সঙ্গে বৈঠক করেন এবং আগামী মরশুমের পরিকল্পনা ও রোডম্যাপ চূড়ান্ত করেন।