আইপিএল ২০২৬-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (KKR) শুরুটা একেবারেই আশানুরূপ নয়। চারটি পরাজয় এবং একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার ফলে দলটি পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে দলের অধিনায়ক অজিঙ্কা রাহানের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। শ্রীকান্তের মতে, রাহানের ওপেনিংয়ে থাকার কারণে সুনীল নারিন (Sunil Narine) এবং ক্যামেরন গ্রিনের (Cameron Green) মতো খেলোয়াড়রা তাদের স্বাভাবিক ভূমিকা পালন করতে পারছেন না। শ্রীকান্ত মনে করেন, নারাইনকে ওপেনিংয়ে পাঠানো হলে দল শুরু থেকেই আক্রমণাত্মক হতে পারবে। ঠিক তেমনতটাই দেখা গিয়েছিল চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে।
পাঁচ ম্যাচে জয় নেই KKR’এর

একইভাবে, গ্রিনকে তিন নম্বরে খেলানো হলে তিনি ইনিংসের গতি বজায় রাখতে পারবেন। রাহানেকে মিডল অর্ডারে নামানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “রাহানকে ৪ বা ৫ নম্বরে খেলান। তিনি সেখানে অ্যাঙ্করের ভূমিকা পালন করতে পারবে।” অন্যদিকে রিঙ্কু সিং-এর বর্তমান ব্যাটিং পজিশন নিয়েও কড়া সমালোচনা করেছেন শ্রীকান্ত। বর্তমানে পাঁচ নম্বরে খেললেও তাঁর মতে, এই পজিশন রিঙ্কুর জন্য একেবারেই উপযুক্ত নয়। তিনি বলেন, “রিঙ্কু সিং ৫ নম্বরে খাপ খাবে না। সে ৫ নম্বরের ব্যাটসম্যান নয়। তাকে ৭ নম্বরে খেলান, শেষ পাঁচ ওভারের জন্য রেখে দিন।” রিঙ্কুর শক্তি মূলত শেষের ওভারগুলোতে। যখন সে নতুন করে ব্যাট করতে আসে, তখন প্রথমে সেট হতে সময় নেয়, ফলে রান রেট কমে যায়। এতে অন্য প্রান্তের ব্যাটসম্যানদের উপর চাপ বাড়ে।
Read More: IPL 2026: হ্যাজলউডের বলে কনুই ভাঙলো পন্থের! গুরুতর চোট নিয়ে ছাড়লেন মাঠ
এই প্রসঙ্গে শ্রীকান্ত আরও বলেন, “যখন সে ফিনিশার হিসেবে আসে, তখন সে তার কাজটা ঠিকঠাকই করে। কিন্তু ৫ নম্বরে সে খাপ খাবে না। শুরুতে রান রেট কমে যায়, আর তখন অন্য ব্যাটসম্যানকে চাপ নিয়ে খেলতে হয়।” কেকেআরের সমস্যার আরেকটি বড় কারণ হলো তাদের বোলিং বিভাগ। হর্ষিত রানা এবং আকাশদীপ-এর চোট দলকে বড় ধাক্কা দিয়েছে। ফলে বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়েছে এবং প্রতিপক্ষ সহজেই বড় স্কোর তুলছে। একইসঙ্গে ক্যামেরন গ্রিনের খারাপ ফর্ম দলকে আরও সমস্যায় ফেলেছে। তিনি এখনও পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি, যা দলের ভারসাম্য নষ্ট করছে। এই পরিস্থিতিতে কেকেআরের সামনে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত নিজেদের ঘুরে দাঁড়ানো।
কেকেআরকে বড় পরিবর্তনের বার্তা শ্রীকান্তের

চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে চিদাম্বরম স্টেডিয়ামে পরাস্ত হয়েছে কেকেআর। কেকেআর অধিনায়ক রাহানে এবং প্রধান কোচ অভিষেক নায়ারের উপর ক্ষুব্ধ শ্রীকান্ত। মন্তব্য করে তিনি বলেছেন, “এই মুহূর্তে অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং কোচ অভিষেক নায়ারকে বরখাস্ত করা উচিত। কলকাতা নাইট রাইডার্সকে এর আগে কখনও এমন বাজে অবস্থায় দেখিনি। কোনো সঠিক পরিকল্পনা নেই, কিছুই ঠিকঠাক চলছে বলে মনে হচ্ছে না। না আছে ব্যাটিং অর্ডার ঠিক, না বোলারদের ঠিকভাবে ব্যাবহার করছে। যদি কেকেআর উন্নতি করতে চায়, তাহলে তাদের প্রথমে রাহানেকে বরখাস্ত করতে হবে।”