IPL 2026; মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের আশা টিকিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ষষ্ঠ জয়ের মুখ দেখলো কলকাতা নাইট রাইডার্স। আজকের রুদ্ধশ্বাস লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে, মুম্বাই ইন্ডিয়ান্স কেবলমাত্র ১৪৭ রান বানাতে সক্ষম হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, সর্বাধিক ৩২ রানের লড়াকু ইনিংস খেলেন করবিন বশ। তাছাড়া, শুরুতেই পাওয়ার প্লের ভিতর চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল মুম্বই। রিকেলটন (৬), রোহিত শর্মা (১৫), সূর্যকুমার যাদব (১৫), তিলক ভার্মা (২০), হার্দিক পান্ডিয়া (২৬) রানের ইনিংস খেলেন। অন্যদিকে কেকেআরের হয়ে, সৌরভ দুবে, ক্যামেরন গ্রিন এবং কার্তিক ত্যাগী দুটি করে উইকেট তুলে নেন।কেকেআরের বোলিং ইনিংসের ম্যাচের নায়ক ছিলেন সুনীল নারায়ণ, ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন তিনি।
মনিশ পান্ডের দুরন্ত লড়াইয়ে টিকে রইলো KKR

অন্যদিকে কেকেআরের রান তাড়া করাটা অতটাও সহজ ছিল না। প্রথম ওভারেই ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিন অ্যালেন। ক্যাপ্টেন রাহানেও (Ajinkya Rahane) পাওয়ার প্লের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান। রাহানের ব্যাটে এসেছে ১৭ বলে ২১ রান। তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিলেন মনিশ পান্ডে। আর এই মৌসুমে প্রথম বারের জন্য ব্যাটিংয়ে সুযোগ পেয়ে পান্ডের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪৫। কঠিন পিচে তার লড়াকু ব্যাটিং দলকে জয়ের পথ দেখিয়েছে। অন্যদিকে রোভমান পাওয়েলও তাকে ভালো ভাবেই সঙ্গ দিয়েছিলেন। ৩০ বলে ৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। শেষ দিকে, রিঙ্কু সিং ৫ বলে ৯, তেজস্বী ধাইয়া ১২ বলে ১১ এবং অনুকূল রয় ৪ বলে ৪ রান বানিয়ে কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, ৩ উইকেট নিয়েছেন করবিন বশ, ১টি করে উইকেই পেয়েছেন দীপক চাহার, জসপ্রীত বুমরাহ ও আল্লাহ যজনফার। আজকের ম্যাচে জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে কেকেআর। ১৪ তারিখ ইডেনে তারা শেষ ম্যাচটি খেলতে নামবে দিল্লির বিরুদ্ধে। যদিও এই ম্যাচের আগে বিশেষ করে সেদিন বিকেলে মুম্বাই বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে স্পষ্ট হয়ে যাবে প্লে-অফের সমীকরণ।