IPL 2026; আইপিএল ২০২৬-এর ৪৪ নম্বর ম্যাচে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে চলেছেন টুর্নামেন্টের অন্যতম ঐতিহ্যবাহী দ্বৈরথ। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স শনিবার মুখোমুখি হবে চেন্নাইয়ের এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির এই সংঘর্ষকে ঘিরে উত্তেজনা সবসময়ই তুঙ্গে থাকে। তবে এবারের লড়াই শুধুই সম্মানের নয়, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখার লড়াইও।চলতি মরশুমে দুই দলের পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় অনেকটাই নিচে। চেন্নাই এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে, অন্যদিকে মুম্বই জিতেছে কেবল ২টি ম্যাচ।
ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার মানেই প্লে-অফের পথ আরও কঠিন হয়ে যাওয়া। লিগ পর্বের বাকি ম্যাচগুলোকেও তাই এখন নকআউটের মতো গুরুত্ব দিচ্ছে দুই শিবির। এর আগে এই মরশুমে দুই দল একবার মুখোমুখি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে চেন্নাই ১০৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। ফলে এবার মুম্বইয়ের সামনে প্রতিশোধের সুযোগ, আর চেন্নাই চাইবে আধিপত্য ধরে রাখতে।
রোহিত-ধোনিকে ঘিরে বাড়ছে জল্পনা

এই মহারণের আগে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু দুই তারকা – রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি। চোটের কারণে তাঁদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা ম্যাচের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে। মুম্বইয়ের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা হ্যামস্ট্রিং সমস্যার কারণে গত চারটি ম্যাচে অনুপস্থিত ছিলেন। তবে প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, রোহিত দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলবেন কি না, তা নির্ভর করছে মেডিকেল টিমের অনুমতির উপর। রোহিতের উপস্থিতি মুম্বইয়ের ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষ করে বড় ম্যাচে তাঁর অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারে।
চেন্নাই শিবিরে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে। পায়ের পেশির সমস্যার কারণে মরশুমের শুরু থেকেই মাঠের বাইরে রয়েছেন এই কিংবদন্তি। সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন, ধোনির ব্যাটিং এবং উইকেটকিপিংয়ে তেমন সমস্যা নেই। তবে তাঁর দৌড়ানোর গতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশেষ করে উইকেটের মাঝে দ্রুত সিঙ্গেল ও ডাবল নেওয়ার ক্ষমতা ফিরে পেলেই তাঁকে মাঠে দেখা যেতে পারে। ধোনির প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, গোটা চেন্নাইয়ের জন্য আবেগের বিষয়। তাঁর নাম মাঠে ঘোষিত হলেই গ্যালারিতে যে ঝড় উঠবে, তা বলাই বাহুল্য।
দুই দলের সম্ভব্য একাদশ ;
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সরফরাজ খান, দেওয়াল্ড ব্রেভিস, এমএস ধোনি, জেমি ওভারটন, আকেল হোসেন, নূর আহমেদ, অংশুল কাম্বোজ, স্পেন্সার জনসন, গুরজপনীত সিং।
মুম্বাই ইন্ডিয়ান্স – রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইল জ্যাকস, নমন ধীর, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবিন মিনজ, শার্দুল ঠাকুর, করবিন বোশ/ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, এএম গাজানফার, মায়াঙ্ক মারকান্দে।