আজ ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে কেকেআরকে। তবে, দলের হয়ে দারুন সূচনা করেছিলেন অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ওপেন করতে নেমে মাত্র ৪০ বলে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি চার এবং ৫টি ছক্কা। অপরদিকে ফিন অ্যালেন ও রঘুবংশীও ব্যাট হাতে সমান তালে লড়াই চালিয়ে যান। শুরুতে অ্যালেন ১৭ বলে ৩৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন এবং শেষের দিকে রঘুবংশী ৫১ এবং রিঙ্কুর ৩৩ রানের ইনিংসে কেকেআর ৪ উইকেট হারিয়ে ২২০ রান বানিয়ে ফেলে। মুম্বইয়ের ইনিংসে সবচেয়ে সফল ছিলেন শার্দুল ঠাকুর, যিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ৩৯ রান খরচ করেন।
চোট পেয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন রাহানে

জবাবে ব্যাটিং করতে এসে অনবদ্য সূচনা করেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের দুই ওপেনার রোহিত শর্মা ও রিয়ান রিকেলটন। ম্যাচ চলাকালীন বড় দুশ্চিন্তার খবরও আসে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে মাঠে ব্যথা পেয়ে পড়ে যান, সঙ্গে সঙ্গেই ফিজিওরা মাঠে ছুটে আসেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব সামলান ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং।
সূত্রের দাবি, মুম্বইয়ের আপেক্ষিক আদ্রতার কারণেই এমন সমস্যার মুখোমুখি হয়েছেন রাহানে। রাহানের মাঠ ছেড়ে চলে যাওয়াটা কেকেআরের পক্ষে একটি দুঃসংবাদ। বিশেষ করে, মুম্বাই যে ভাবে ইনিংসের সূচনা করেছে সেই হিসাবে ম্যাচে ফিরে আসতে গেলে তাঁর অভিজ্ঞতার প্রয়োজন। অন্যদিকে, রিঙ্কু অবশ্য ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ক্যাপ্টেনসি করেছেন। চতুর্থ ওভারের শেষে যখন রাহানে চোট পেয়েছিলেন তখন মুম্বাই বিনা উইকেট হারিয়েই ৪৯ রান বানিয়ে ফেলেছিল। দলের হয়ে রোহিত শর্মা ১১ বলে ২০ এবং রিকেলটন ১৩ বলে ২৮ রানে ব্যাটিং করছেন।