পাঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং (Yograj Singh) আবারও বিতর্কের কেন্দ্রে। ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও অভিনয় জগতেও নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘লুকখে’-তে অভিনয় করেছেন যোগরাজ। তবে এই সিরিজের একটি সংলাপ ঘিরেই শুরু হয়েছে বড়সড় বিতর্ক। এমনকি বিষয়টি গড়িয়েছে আইনি পর্যায়েও। চন্ডিগড়ের সেক্টর ৩৬ থানায় যোগরাজ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আইনজীবী উজ্জ্বল ভাসিন। ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬২-এ ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, সিরিজে ব্যবহৃত একটি মন্তব্য নারীদের সম্মানহানিকর এবং আপত্তিকর।
আইনজীবীর দাবি, বর্তমান সময়ে মহিলারা ঘর ও কর্মক্ষেত্র – দুই দিকই সমান দক্ষতায় সামলাচ্ছেন। সমাজে নারীদের এই অবদানকে সম্মান জানানো উচিত। কিন্তু এমন সময়ে একটি জনপ্রিয় সিরিজে নারীদের নিয়ে কটাক্ষপূর্ণ সংলাপ ব্যবহার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করছেন তিনি। বিশেষ করে সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী রাশি খান্নার প্রসঙ্গ টেনে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয় বলেও অভিযোগ উঠেছে।শুধু তাই নয়, বিষয়টি মহিলা কমিশনের নজরেও আনার চেষ্টা করা হয়েছে। অভিযোগকারী আইনজীবী জানিয়েছেন, চন্ডিগড় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যেও মহিলা অফিসার রয়েছেন। তাই গোটা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করার আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে।
Read More: সরকার বদলের সাথে আটকে গেল সৌরভ গাঙ্গুলীর বায়োপিক, সেন্সর বোর্ডে পাচ্ছে না অনুমতি !!
যোগরাজ সিংয়ের নামে FIR দায়ের

উল্লেখ্য, ‘লুকখে’ সিরিজে যোগরাজ সিং এবং রাশি খান্নার পাশাপাশি অভিনয় করেছেন শিবাঙ্কি সিং পরিহার, জনপ্রিয় গায়ক কিং এবং পালক তিওয়ারি। সিরিজে রাশি খান্না এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, অন্যদিকে যোগরাজকে দেখা গিয়েছে ওয়ালিয়া সাহেব চরিত্রে। যদিও বিতর্ক বাড়লেও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি যোগরাজ সিং বা সিরিজের নির্মাতারা। ফলে আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের। যোগরাজ এই প্রথম নয় আগেও এই ধরনের অযৌক্তিক কথার কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। কয়েকদিন আগেই কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কটূক্তি করায় যোগরাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।