জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় গেম শো হল দাদাগিরি। ২০০৯ সালে শুরু হওয়া দাদাগিরি আজও বাঙালির অন্যতম প্রিয় টেলিভিশন শো। বছরের পর বছর ধরে এই শো শুধুমাত্র বিনোদন নয়, বরং এক ধরনের আবেগে পরিণত হয়েছে। এই শোয়ের অন্যতম প্রাণকেন্দ্রে রয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। শুধু ক্রিকেট মাঠেই নয় টেলিভিশনের মঞ্চেও তার ব্যক্তিত্ব, কথাবার্তা, হাসি ঠাট্টা এবং সময় মত সিরিয়াস হয়ে ওঠার ক্ষমতা দর্শকদের মন জয় করেছে বারবার। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, এই পরিচিত মঞ্চে আসতে চলেছে বিরাট বড় পরিবর্তন। সম্প্রতি, সৌরভ গাঙ্গুলি এবার নতুন এক বড় দায়িত্ব নিতে চলেছেন। তাঁকে বাংলার ‘বিগ বস’ সংস্করণে সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে।
দাদাগিরি তে সঞ্চালকের বদল

ফলে ‘দাদাগিরি’তে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে দাদাগিরির সঞ্চালনের দায়িত্ব কার কাঁধে গিয়ে পড়বে তা নিয়ে বেশ জল্পনা রয়েছে। নতুন সঞ্চালক হিসেবে একাধিক নাম সামনে এসেছে। যার মধ্যে সবথেকে চর্চিত নাম হলো প্রাক্তন অলিম্পিক পদক-জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজের। তিনি শুধু একজন সফল টেনিস খেলোয়াড় নন, বরং একজন আন্তর্জাতিক আইকন। তাঁর উপস্থিতি শো-তে নতুন মাত্রা যোগ করতে পারে। একইসাথে বাংলা সিনেমার অন্যতম স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর নামও আলোচনায় রয়েছে। তাঁর অভিজ্ঞতা এবং দর্শকদের সঙ্গে আবেগের যোগ ‘দাদাগিরি’কে আরও সমৃদ্ধ করতে পারে।
আবার নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় মুখ দেব-ও রয়েছেন দৌড়ে। তাঁর প্রাণবন্ত উপস্থিতি শোতে নতুন প্রাণ আনতে পারে। এর পাশাপাশি অভিনেতা জিৎ এর নামও উঠে আসছে সঞ্চালক হিসেবে। প্রসঙ্গত দাদাগিরি শুধুমাত্র একটি কুইজ শো নয়, বরং এটি একটি বিনোদনমূলক শো। এই শোতে প্রতিযোগীদের প্রশ্ন করার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, হাসিঠাট্টা মজাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদাগিরি শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিটি সিজনেই সৌরভ এই শো এর অত্যন্ত পরিচিত মুখ। একবার সঞ্চালকের দায়িত্বে মিঠুন চক্রবর্তীকে আনা হলেও পরে দর্শকদের অনুরোধে আবার সৌরভকে ফিরিয়ে আনা হয়। এখন শেষ পর্যন্ত দাদাগিরি সঞ্চালকের দায়িত্বে কোন নতুন মুখ আসে সেটা দেখার অপেক্ষায় রয়েছে সমস্ত দর্শক।