আইপিএল ২০২৬ (IPL 2026) মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এমন একটি দল হিসেবে উঠে এসেছে, যাদের নিয়ে আলোচনা যতটা উত্তেজনাপূর্ণ, ততটাই দ্বিধায় ভরা। আসলে দলের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে (Pat Cummins) ছাড়াই এবারের আইপিএলে প্রথমার্ধে নামতে হবে সানরাইজার্স দলকে। তাঁর জায়গায় ইনফর্ম ও সৈয়দ মুস্তাক আলী ট্রফি জেতা ঈশান কিষানকে ক্যাপ্টেন করেছে সানরাইজার্স দল। গত মৌসুমে দলের পারফরম্যান্স উপর-নিচ থাকায় প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি দল। এবার এই মৌসুমেও একই কারণে সমস্যায় পড়তে পারে দল। তবে দলে একাধিক তারকারা রয়েছে যারা যেকোনো দিনে দলকে জেতাতে সক্ষম। ২০১৬ সালে আইপিএল ট্রফি জেতার পর থেকে একাধিক মরশুমে তারা ভালো পারফরম্যান্স করেছে। বিশেষ করে ২০১৮ এবং ২০২৪ সালে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে থমকে দাঁড়াতে হয়েছে।
SRH’এর বড় শক্তি তাদের ব্যাটিং

এই মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে তাদের ব্যাটিং লাইনআপ।টি-টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের আক্রমণাত্মক এবং গভীর ব্যাটিং ইউনিট প্রয়োজন, তার প্রায় সবকিছুই রয়েছে এই দলে। ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রতিটি পজিশনে এমন ব্যাটার রয়েছেন, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ওপেনিং জুটিতে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড (Travis Head)। এই জুটি ইতিমধ্যেই নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। ২০২৪ মরশুমে তারা একসঙ্গে ৬৯১ রান করেছিলেন, যা দলের ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছিল।
Read More: আইনি জটিলতায় IPL 2026 থেকে নাম তুলে নিলেন যশ দয়াল, ‘ব্যান’ করা ছাড়া উপায় দেখছে না RCB !!
তিন নম্বরে আছেন দলের অধিনায়ক ঈশান কিষান। তার ভূমিকা এই দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওপেনাররা যদি দ্রুত আউট হয়ে যান, তিনি তার আগ্রাসী ব্যাটিং দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। তিনি এখন স্বপ্নের ফর্মে রয়েছেন। মিডল অর্ডারে দলের সবচেয়ে বড় অস্ত্র হাইনরিখ ক্লাসেন। মিডল ওভারে স্পিনারদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করার ক্ষমতা রাখেন তিনি। তাছাড়া ইংল্যান্ডের তারকা লিয়ম লিভিংস্টোনকে এই দলে শামিল করা হয়েছে – যিনি বড় বড় ছক্কা মারায় অভ্যস্ত। রয়েছেন নীতিশ কুমার রেড্ডির মতন অলরাউন্ডার যিনি ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেন এবং গত মৌসুমে স্টার বয় ছিলেন অনিকেত ভার্মা, যাঁর উপর মূলত ফিনিশিংয়ের গুরুদায়িত্ব থাকবে।
SRH’এর দুর্বলতা

তবে এই শক্তিশালী ব্যাটিংয়ের বিপরীতে বোলিং বিভাগে রয়েছে বেশ কিছু দুর্বলতা। বিশেষ করে প্যাট কামিন্স-এর অনিশ্চিত উপস্থিতি দলকে বড় ধাক্কা দিতে পারে। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাট। তিনি দীর্ঘদিন ধরে আইপিএলে খেলছেন এবং তার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি রয়েছেন হার্শল প্যাটেল, যিনি উইকেট নেওয়ার ক্ষেত্রে দক্ষ হলেও অনেক সময় বেশি রান খরচ করে ফেলেন। দলের প্রধান দুই পেসার আইপিএলের মঞ্চে পার্পেল ক্যাপও জিতে ফেলেছেন। তবে দুজনেই যেন রান মেশিন। হায়দ্রাবাদের ব্যাটিং উইকেটে প্রচুর রান দিয়ে থাকেন তারা। এমনকি, স্পিন বিভাগেও খুব বেশি অভিজ্ঞতা নেই। কয়েকজন তরুণ স্পিনারের ওপর নির্ভর করতে হবে, যাদের মধ্যে প্রতিভা থাকলেও ধারাবাহিকতা একটি বড় প্রশ্ন। একমাত্র জিসান আহমেদের উপরেই ভরসা রেখে চলতে হবে দলকে।
SRH’এর এক্স ফ্যাক্টর

আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের এক্স ফ্যাক্টর খেলোয়াড় হতে চলেছেন ঈশান কিষান (Ishan Kishan)। তাঁর দাপুটে ব্যাটিং এবং ফর্ম তাকে দলের এক্স ফ্যাক্টর বানিয়ে তুলেছে। বিশ্বকাপের মঞ্চে যেভাবে দাপুটে ব্যাটিং করেছেন তিনি তাতে তাঁর উপর ভরসা থাকবে দলের। শুধু তাই নয়, প্রথম দিকের কয়েকটি ম্যাচে তিনিই দলকে নেতৃত্ব দেবেন, মাত্র এক বছর এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলে ক্যাপ্টেন্সি পেয়ে গিয়েছেন যেটি প্রমাণ দেয় তার পারফরম্যান্স ও দক্ষতার উপর। এবার পালা চাপ সামলিয়ে তাঁর সেরাটা দেওয়ার।