রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) আইপিএলের (IPL 2026) অন্যতম জনপ্রিয় একটি দল। দীর্ঘ অপেক্ষার পর গত বছর এই দল টুর্নামেন্টে ট্রফি জয় করে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে বিরাট কোহলির (Virat Kohli) চোখে জল চলে এসেছিল। সেই ছবি আইপিএলের ইতিহাসে অন্যতম স্মরণীয় হয়ে আছে। এই বছর অন্যতম শক্তিশালী দল হিসেবে মাঠে নামতে চলেছে আরসিবি (RCB)। বর্তমানে আসন্ন মরসুমের শেষ প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।
তবে দলে কিছু চোট সমস্যা এবং একাদশের কম্বিনেশন নিয়ে চিন্তা রয়েই গেছে। এছাড়াও আইনি জটিলতার মধ্যে রয়েছেন যশ দয়াল (Yash Dayal)। সব মিলিয়ে এই দলের দিকে ক্রিকেট ভক্তদের কড়া নজর থাকবে। আজ এখানে বেঙ্গালুরুর শক্তি, দুর্বলতা এবং এক্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হল।
Read More: IPL থেকে নিষিদ্ধ হতে চলেছে অজি তারকারা, BCCI’কে বোকা বানাতে গিয়ে বিপাকে প্যাট কামিন্সরা !!
RCB’এর শক্তি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে বিস্ফোরক ওপেনিং জুটি। বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিল সল্ট (Phil Salt) পাওয়ার প্লেতে দ্রুত রান সংগ্রহ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত বছর প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে দুরন্ত অর্ধশতরান করেছিলেন ফিল সল্ট। অন্যদিকে গত মরসুমে বিরাটের ব্যাট থেকে ১৫ ম্যাচে ৬৫৭ রান এসেছিল। এছাড়াও ফিনিশার হিসেবে বিশ্বের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে রয়েছেন টিম ডেভিড (Tim David) এবং রোমারিও শেফার্ডের (Romario Shepherd) মতো তারকা।
এছাড়াও মাঝের ওভারে এই বছর অধিনায়ক রজত পাটিদারের (Rajat Patidar) সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) গুরুত্বপূর্ণ হতে চলেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তার অভিজ্ঞতা দলের বোলিং বিভাগকে শক্তি দেবে। এছাড়াও স্পিন আক্রমণে ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) এবং সুয়াশ শর্মা (Suyash Sharma) যেকোনো সময় প্রতিপক্ষকে বিপদের মুখে ফেলতে প্রস্তুত।
RCB’এর এক্স ফ্যাক্টর-
এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের এক্স ফ্যাক্টর হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। শুধু বিস্ফোরক ব্যাটিং দিয়ে অনেক পিচে লড়াই করা সম্ভব হয় না। টপ অর্ডারে গুরুত্বপূর্ণ সময় হাল ধরতে পারেন অভিজ্ঞ ভেঙ্কটেশ। তার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে নকআউট পর্বে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে। মাথা ঠান্ডা রেখে বড়ো ম্যাচে দলকে জয় এনে দিতে পারেন। এছাড়াও এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন রোমারিও শেফার্ড। তিনি নিচের দিকে ব্যাট করতে নেমে দ্রুত রান সংগ্রহ করার ক্ষেত্রে সিদ্ধহস্ত। এই ক্যারিবিয়ান তারকাও দলের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে প্রস্তুত।
RCB দলের দুর্বলতা-

চোট সমস্যার কারণে এখনও দলের সঙ্গে যোগ দেননি জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। তাকে কতগুলো ম্যাচে আরসিবি পাবে তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে যশ দয়াল গত বছর ট্রফি জয়ের পর থেকেই বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়েছেন। এই তারকা পেসারকেও এখনও পর্যন্ত অনুশীলনে দলের সঙ্গে দেখতে পাওয়া যায়নি। এছাড়াও ক্রুনাল পান্ডিয়া থাকলেও দলের একমাত্র রিস্ট স্পিনার সুয়াশ শর্মা। এই তারকা চোট পেলে আরসিবির স্পিন বিভাগ অনেকটাই দুর্বল হয়ে যাবে।
অন্যদিকে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার ওপেনার বিরাট কোহলি এবং ফিল সল্টের ওপরেই সবচেয়ে বেশি নির্ভর করবে। এই দুই তরকা ব্যাটসম্যান আউট হয়ে গেলে চাপে পড়ে যাবে দল। ভেঙ্কটেশ আইয়ার এবং রজত পাটিদারের ধারাবাহিকভাবে রান করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন।