সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সফল ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। এছাড়াও সফল অধিনায়ক হিসেবে দেশকে এনে দিয়েছেন অসংখ্য সম্মান। তিনি ভারতীয় দলের কঠিন সময়ে আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন। অবসর নেওয়ার পর মহারাজকে ক্রিকেট প্রশাসক হিসাবেও আমরা দায়িত্ব পালন করতে দেখেছি। বিসিসিআই (BCCI) সভাপতি থাকাকালীন ঘরোয়া ক্রিকেট সহ মহিলা ক্রিকেটে অসংখ্য পরিবর্তন আনেন এই তারকা। বর্তমানে বাংলা ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রয়েছেন। এর মধ্যেই এবার তিনি বিধানসভা ভোটে দাঁড়াতে পারেন বলে খবর সামনে এসেছে।
Read Also: অবশেষে হল বড়ো খোলসা, এই কারণে KKR’এর নাম শুনলে নাক সিটকন সৌরভ গাঙ্গুলী !!
ভোটে দাঁড়াতে পারেন সৌরভ-

বাংলার প্রতিনিধি হিসেবে বিশ্ব মঞ্চে সৌরভ গাঙ্গুলী একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন। তিনি পশ্চিমবঙ্গের অন্যতম আইকন। তাই বাংলার দাদাকে পথপ্রদর্শক হিসেবে দেখে নতুন প্রজন্ম। রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও তার সুখ সম্পর্ক রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌরভ গাঙ্গুলীকে একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা গেছে। বিশ্ব বাণিজ্য সম্মেলনে বাংলার মুখ হিসাবে মুখ্যমন্ত্রী মহারাজকে এগিয়ে দিয়েছেন।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের জন্য বিনিয়োগ টানতে স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরেও তার অন্যতম সঙ্গী ছিলেন সৌরভ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে মঞ্চে পৌঁছে যান সৌরভ। এমনকি গত বছর বীরভূমের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গেও এক মঞ্চে দেখা গিয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
ফলে বিধানসভা ভোটে সৌরভ তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন বলে অনেকেই মনে করছেন। যদি রাজি হন তাকে পশ্চিম বেহালার প্রার্থী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছে। তবে এই আলোচনা সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া প্রাথমিকভাবে ছড়িয়ে পড়েছে। বাস্তবে জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়।
নতুন রূপে সৌরভ গাঙ্গুলী-

ক্রিকেটার এবং ক্রিকেট প্রশাসক হিসেবে সফল হওয়ার সঙ্গে সঙ্গে সৌরভ গাঙ্গুলী সঞ্চালক হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। দিদিগিরির মতো সফল রিয়েলিটি শো’কে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবার অন্যরূপে ধরা দিতে চলেছেন মহারাজ। বাংলার ‘বিগ বস’এ সঞ্চালনা করতে চলেছেন সৌরভ। গত ৯ মার্চ ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠানের লোগো উন্মোচন হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বাংলার দাদা জানান তিনি নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরতে প্রস্তুত।