রবিবারের টি-২০ বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দল ও পাকিস্তান দল (IND vs PAK)। পাকিস্তান দল ম্যাচ বয়কটের ডাক দিলেও শেষ মূহূর্তে ম্যাচটি খেলতে রাজি হয়েছে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এক অদ্ভুত ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। ম্যাচের দু’দিন আগে কলম্বো-র আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ অনুশীলনে আসে পাকিস্তান দল। সেই সময় তাদের ডাগআউট এলাকা থেকে একটি সাপ উদ্ধার করা হয়।
অধিনায়ক সলমন আলি আগা এবং সতীর্থরা মাঠে পৌঁছনোর সময়ই ঘটনাটি সামনে আসে। স্থানীয়দের মতে, কলম্বোতে বৃষ্টির পর মাঝে-মধ্যেই বিভিন্ন সরীসৃপ দেখা যায়, তাই ঘটনাটি অস্বাভাবিক না হলেও ম্যাচের আগে এমন পরিস্থিতি খেলোয়াড়দের মধ্যে কিছুটা কৌতূহল তৈরি করে। কারণ এই ম্যাচের ফলাফল সুপার এইট পর্বে ওঠার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে, ফলে দুই দলই নিজেদের প্রস্তুতিতে সম্পূর্ণ মনোযোগী।
Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!
পাক ডাগআউটে সাপের আনাগোনা

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের ডাগআউটে একটি বড় সাপ ঢুকে পড়েছে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান মাঠকর্মীরা। একজন কর্মী সাপটিকে ধরে প্লাস্টিকের ব্যাগে ভরার চেষ্টা করেন, অন্যজন ব্যাগটি ধরে সহায়তা করছিলেন। কয়েকবার চেষ্টার পর শেষ পর্যন্ত সাপটিকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ঘটনাটি দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
অন্যদিকে ভারতীয় শিবিরে এসেছে স্বস্তির খবর। তরুণ ব্যাটার অভিষেক শর্মা পেটের সমস্যার কারণে আগের ম্যাচে খেলতে পারেননি এবং হাসপাতালে ভর্তি ছিলেন। তবে অনুশীলনে প্রায় আধঘণ্টা ব্যাট করে তিনি ভালো ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন। স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী-র বল সহজেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে আত্মবিশ্বাসও দেখিয়েছেন তিনি। ম্যাচের আগে এই খবর ভারতীয় দলের জন্য অবশ্যই ইতিবাচক ইঙ্গিত।