টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়ে সেমিফাইনালের দৌড়ে আবার ফিরে এল টিম ইন্ডিয়া। সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে পরাজয়ের পর প্রবল চাপে পড়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। সেই চাপ সামলে জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স টিম ইন্ডিয়া শিবিরে নতুন আশার সঞ্চার করেছে। গত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে।
সেমি ফাইনালের দৌড়ে টিকে রয়েছে টিম ইন্ডিয়া

গতকাল ম্যাচের কথা বলতে গেলে ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) মাত্র ৩০ বলে ৫৫ রান করে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছয়। তাছাড়া দলের মিডিল অর্ডার ও লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করা ক্যাপ্টেন স্কাই, হার্দিক ও তিলক দাপটের সঙ্গে ব্যাটিং করেন। হার্দিক ২৩ বলে অপরাজিত ৫০ রান করেন ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে – এটি এই বিশ্বকাপের সর্বোচ্চ দলগত স্কোর। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে চেষ্টা করলেও শুরু থেকেই চাপের মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত ৭২ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
Read More: স্লেজিং থেকে সংঘর্ষ! রঞ্জি ট্রফির ফাইনালে ধাক্কাধাক্কিতে হিমশিম আম্পায়াররা
এই জয়ের পর সুপার এইট গ্রুপ–১-এর সমীকরণ অনেকটাই পরিষ্কার। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। এখন বাকি একটি স্থানের জন্য লড়াই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হতে চলেছে। আগামী ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ভারত জিতলেই সেমিফাইনালে উঠবে, হারলে বা ম্যাচ পরিত্যক্ত হলে বিদায় নিতে হবে।
ভারতকে খোঁচা আফ্রিদির

এদিকে ভারতের সম্ভাব্য সেমিফাইনাল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর দাবি, টিম ইন্ডিয়া নাকি আদেও সেমিফাইনাল খেলার যোগ্য নয়। আফ্রিদির মতে, ভারত মূলত দুর্বল বা সহযোগী দলের বিরুদ্ধে জিতেই এগিয়ে যাচ্ছে এবং শক্তিশালী দলের বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে ব্যর্থ। তিনি আরও বলেন, যদি বড় দলের বিরুদ্ধে ভালো না খেলে শুধুমাত্র ‘মিনো’ বা কম শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে উঠতে চায় তাহলে টুর্নামেন্টের মান নিয়েই প্রশ্ন ওঠে। আফ্রিদি আরও বলেন, “টিম ইন্ডিয়া আদেও সেমিফাইনাল পৌঁছানোর যোগ্য নয়, ওয়েস্ট ইন্ডিজ তুলনামুককভাবে যোগ্য। তারা টুর্নামেন্ট জুড়ে ভারতের থেকে বেশি ভালো ক্রিকেট খেলেছে।“