টি ২০ বিশ্বকাপ-এর সুপার এইট পর্বে পরিস্থিতি যত এগোচ্ছে, ততই জটিল হচ্ছে সমীকরণ। মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হারের পর অনেকেই ধরে নিয়েছিলেন পাকিস্তানের এবারের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। ইংলিশ ব্রিগেডের কাছে হারার পরেও এখনও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে পাকিস্থানের কাছে। গ্রুপ পর্যায়ে ভারতের ম্যাচ বাদে বাঁকি ম্যাচগুলোতে জয় পেয়েছিল পাকিস্তান। তবে সুপার এইট পর্ব খুব একটা সহজ নয় পাকিস্তানের কাছে।
তবে সেই সুযোগ আর পুরোপুরি নিজেদের হাতে নেই। ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। ফলে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের মধ্যে একটি দল পাবে শেষ টিকিট। পাকিস্তান দু’টি ম্যাচের মধ্যে একটি হেরেছে এবং একটি ম্যাচ ভেস্তে গেছে। ফলে তাদের পয়েন্ট এখন ১। শেষ ম্যাচে জয় পেলে সর্বোচ্চ ৩ পয়েন্টে পৌঁছতে পারবে দল। এই ৩ পয়েন্ট নিয়েই সেমিফাইনালে ওঠা সম্ভব, তবে নির্ভর করছে অন্য দলের ফলের উপর।
শ্রীলঙ্কা বাঁধা টপকালে সেমিফাইনাল পৌঁছাবে পাকিস্তান

নিউ জিল্যান্ড যদি বাকি দুই ম্যাচেই হারে এবং শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে হার মানে, তা হলে পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে। নিউ জিল্যান্ড থাকবে ১ পয়েন্টে এবং শ্রীলঙ্কা ২ পয়েন্টে থামবে। দ্বিতীয়ত, নিউ জিল্যান্ড যদি একটি ম্যাচ জিতে নেয়, তবে তাদের পয়েন্ট হবে ৩। তখন পাকিস্তানকেও শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জয় পেলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে।
কারণ তখন নির্ধারণ হবে নেট রান রেটের ভিত্তিতে। এই পরিস্থিতিতে দলকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। কারণ শুধুমাত্র অঙ্ক নয়, মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, বোলারদের ধারাবাহিক হতে হবে। তবে পাকিস্থানের সবচেয়ে বড় সুবিধা হল ম্যাচের সময়সূচি। নিউ জিল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলার পর পাকিস্তান মাঠে নামবে। ফলে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলতে পারবে তারা। কত রান দরকার, কত ওভারে তাড়া করতে হবে সব জানা থাকবে। এখন পাকিস্থানের কাছে একটাই লক্ষ্য শেষ ম্যাচে সর্বশক্তি দিয়ে জয় নিশ্চিত করা।