সদ্য সমাপ্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতীয় দল ইতিহাস গড়লো নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। গত দুই বছরের মধ্যে টিম ইন্ডিয়ার পুরুষ ও মহিলা দল যৌথ ভাবে ৪টি আইসিসি শিরোপা জিতেছে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিশ্ব জয়ের আসর শুরু হয়েছিল। এরপর, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারতীয় পুরুষ দল। দুই ট্রফি ক্যাপ্টেন রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে এসেছে। এরপর হারমানপ্রিত কৌরের নেতৃত্বে মহিলা ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারতীয় মহিলা দল। ভারত ছোট সময়ের মধ্যে চারটি আইসিসি ট্রফি জিতলেও পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের শেষ আইসিসি ট্রফি এসেছে ২০১৭ সালে। পাকিস্তানকে ট্রফি জেতানো ক্যাপ্টেন সরফরাজ খান (Sarfaraz Khan) অবসরের ঘোষণা দিয়েছেন।
পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার সারফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। প্রায় দুই দশকের সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টেনে তিনি বিদায় জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। আন্তর্জাতিক ক্রিকেটে সারফরাজ তিনটি ফরম্যাটেই পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ। সব মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ৬,১৬৪ রান। এর মধ্যে রয়েছে ছয়টি শতক ও ৩৫টি অর্ধশতক। উইকেটের পেছনে তিনি নিয়েছেন ৩১৫টি ক্যাচ এবং করেছেন ৫৬টি স্টাম্পিং।
অবসর নিলেন কিংবদন্তি অধিনায়ক

অধিনায়ক হিসেবেও সারফরাজের সাফল্য উল্লেখযোগ্য। তিনি মোট ১০০টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে টি-টোয়েন্টিতে এক নম্বর দল হয়ে উঠেছিল। তিনিই ছিলেন প্রথম ক্যাপ্টেন যার নেতৃত্বে দল টি-টোয়েন্টিতে ১১টি সিরিজে অপরাজিত ছিল। এমনকি তার মধ্যে ছয়টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সারফরাজের নেতৃত্বে পাকিস্তান জয় করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭। ফাইনালে ইনফর্ম টিম ইন্ডিয়াকে পরাস্ত করেছিল পাকিস্তান। ভারতকে ১৮০ রানে লজ্জাজনক হার উপহার দিয়েছিল সরফরাজ বাহিনী।
সরফরাজ তার দলের হয়ে যুব বিশ্বকাপও জিতেছেন। পূজারা, রোহিত, ধাওয়ান, জাদেজাদের মতন তারকাদের হারিয়েই ২০০৬ সালে যুব বিশ্বকাপ জিতেছিল সরফরাজ খানের পাকিস্তান। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। সরফরাজকে ইতিমধ্যে পাকিস্তান দলের বয়সভিত্তিক দল ও ঘরোয়া দলের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে। আগামী দিনে জাতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করতে পারেন তিনি।