আগামী ২৮শে মার্চ আইপিএল ২০২৬ শুরু হতে চলেছে এবং ১০টি দলই প্রস্তুতিতে ব্যস্ত। বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় লীগ খেলতে প্রস্তুত দেশ বিদেশের তারকারা। এবারের আইপিএল হতে চলেছে আরও জমজমাট। তবে, আইপিএলের আগে ফ্রাঞ্চাইজি গুলির চিন্তা জমেছে চোটের কারণে। চোটের কারণে একাধিক খেলোয়াড় এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন এবং বেশ কিছু খেলোয়াড় প্রথমার্ধে খেলতে পারবেন না। তবে আসন্ন আইপিএলের আগে টিম ইন্ডিয়া ও কলকাতা নাইট রাইডার্সের বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের (Rinku Singh) জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করলো উত্তরপ্রদেশ সরকার।
IPL শুরুর আগে বিশিষ্ট সম্মান পেলেন রিঙ্কু সিং

বিস্ফোরক ব্যাটিং এবং ম্যাচ শেষ করার দক্ষতার জন্য পরিচিত টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh) আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর হয়ে খেলবেন। ইডেন গার্ডেন্সে রিঙ্কু বর্তমানে আইপিএলের নতুন মৌসুমের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। উত্তর প্রদেশ সরকার তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের দাবি, রিঙ্কু উত্তর প্রদেশে আঞ্চলিক ক্রীড়া কর্মকর্তা হিসেবে নিযুক্ত হবেন। আইপিএল ২০২৬-এর (IPL 2026) আগেই রিঙ্কু সিং উত্তর প্রদেশে আঞ্চলিক ক্রীড়া কর্মকর্তা (RSO) হবেন। মঙ্গলবার, ২৪শে মার্চ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউয়ের লোক ভবনে রিঙ্কুর হাতে তাঁর নিয়োগপত্র তুলে দেবেন বলেই সূত্রের দাবি। পাশাপশি, উত্তর প্রদেশ সরকার সেইসব ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিচ্ছে, যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে রাজ্য ও দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
KKR’কে শিরোপা জেতাতে চাইবেন রিঙ্কু

রিঙ্কু ছাড়াও এই তালিকায় রয়েছেন প্যারা-অ্যাথলেট প্রবীণ কুমার এবং হকি খেলোয়াড় রাজ কুমার পাল, যাঁরা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) পদে পদোন্নতি পাবেন। তাছাড়া, অজিত সিং ও সিমরান জেলা পঞ্চায়েত রাজ অফিসার এবং প্রীতি পাল ব্লক উন্নয়ন অফিসার হিসেবে নিযুক্ত হবেন। এই সমস্ত নিয়োগ ‘আন্তর্জাতিক পদক বিজয়ীদের সরাসরি নিয়োগ বিধিমালা-২০২২’-এর অধীনে করা হচ্ছে। মঙ্গলবার লখনউয়ের লোক ভবনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সমস্ত খেলোয়াড়দের হাতে নিয়োগপত্র তুলে দেবেন।
তারকা খেলোয়াড় রিঙ্কু সিংয়ের কথা বলতে গেলে, আগামী ২৯ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে কেকেআর তাদের আইপিএল ২০২৬ অভিযান শুরু করতে চলেছে। তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং ২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে ৫৯ ম্যাচে ১০৯৯ রান করেছেন। আসন্ন আইপিএলে তাঁর উপরে থাকবে দলকে চ্যাম্পিয়ন বানানোর গুরুদায়িত্ব।