এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) মেতে উঠেছিল ক্রিকেট বিশ্ব। ভারত এবং শ্রীলঙ্কায় সফলভাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আর এরপর ভারতের মাটিতে জনপ্রিয় লিগ আইপিএল (IPL 2026) নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। ২৮ মার্চ এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাঠে নামবে। তবে প্রথম সূচি অনুযায়ী নাইট বাহিনীদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে ম্যাচগুলি আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
Read More: “ওর টেকনিক ভুল…”, সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ কাইফ, দাবি করলেন নতুন অধিনায়কের !!
শুরু হতে চলেছে আইপিএল-

প্রতি বছরই আইপিএলকে নিয়ে ক্রিকেট ভক্তদের মনে অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যায়। যত সময় গেছে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা এবং অর্থের প্রাচুর্য ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের প্রতিটি তারকা ক্রিকেটার নিজেদের সেরা পারফর্মেন্স উজাড় করে দেন আইপিএলের মঞ্চে। আবার এখান থেকেই তরুণ ক্রিকেটাররা তৈরি করেন তাদের নতুন পরিচয়। গত বছর আমরা প্রিয়াংশ আর্য (Priyansh Arya), আয়ুশ মাহাত্রে (Ayush Mhatre), বৈভব সূর্যবংশীদের (Vaibhav Suryavanshi) উঠে আসতে দেখেছি।
এবার আরও নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। গত বছরের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। প্রসঙ্গত এই স্টেডিয়ামের বাইরে ট্রফি জয়ের উদযাপনের সময় গত বছর পদপিষ্টের ঘটনা ঘটেছিল। অন্যদিকে ২৯ মার্চ রবিবার কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে।
ইডেন থেকে সরতে চলেছে ম্যাচ-

প্রথম প্রকাশিত আইপিএলের সূচি অনুযায়ী ইডেন গার্ডেন্সে রয়েছে ৩ টি হাইভোল্টেজ ম্যাচ। এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে প্রথম ম্যাচে নাইট বাহিনী ২ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে। কিন্তু আদৌ এই ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দিনক্ষণ প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সূত্র অনুযায়ী আসন্ন সোমবার পশ্চিমবঙ্গের ভোটের সূচি সামনে আসবে। এক দফায় না হয়ে বেশ কয়েক দফায় হতে পারে এই ভোট। ২০২১ সালে পশ্চিমবঙ্গের শেষ বিধানসভা ভোট ৮ দফায় হয়েছিল। এই কারণে এপ্রিল মাস জুড়ে কলকাতায় ভোটের আবহ চরম পর্যায় থাকবে বলে মনে করা হচ্ছে। ফলে এই সময় ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সমস্যার মুখে পড়তে পারে। তাই ইডেন থেকে কলকাতার ম্যাচগুলি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।