ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেললেন পকেট ডিনামাইট ঈশান কিশান (Ishan Kishan)। শনিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতরান হাঁকালেন ঈশান কিষান। তাঁর এই দুরন্ত সেঞ্চুরির দৌলতে একাধিক রেকর্ড ভেঙে দিলেন। কিউইদের বিরুদ্ধে মাত্র ৪২ বলে সেঞ্চুরি হাঁকালেন ঈশান। ভারতীয় ক্রিকেটারদের কাছে এটি পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটিই দ্রুততম টি-টোয়েন্টি শতরানের নজির। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ঈশানের মোট শতরান দাঁড়াল সাতটি- এটি ভারতীয় ব্যাটারদের মধ্যে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।
সিরিজের শেষ ম্যাচে দর্শকদের নজর ছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) দিকে। কিন্তু সবাইকে ছাপিয়ে আলো কেড়ে নিলেন ঈশান কিষান। ৪৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন যেখানে ছিল ৬টি চার ও ১০টি বিশাল ছক্কা। ব্যাট হাতে চলতি সিরিজে তাকে শক্তি প্রদর্শন করতে দেখতে পাওয়া গেল। চোটের কারণে সিরিজের চতুর্থ ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। এরপর পঞ্চম ম্যাচে ফিরে বিধ্বংসী ব্যাটিং করলেন ঈশান। এদিন, পাওয়ারপ্লের মধ্যেই সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার উইকেট পড়ে ভারত যখন ৫৪ রানে দুই উইকেট হারিয়েছে, তখন অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইশান কিষান।
Read More: “কিউইদের ধুয়ে দিল..”, ঈশান-সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিং’এ উচ্ছ্বসিত ভক্তদের মন্তব্য ভাইরাল !!
দুরন্ত ব্যাটিংয়ে ভক্তদের মন জিতলেন ঈশান কিষান

স্কাই ও ঈশানের মধ্যে গড়ে ওঠে ১৩৭ রানের পার্টনারশিপ। কার্যত বলা যেতে পারে নিউজিল্যান্ডের কোনও বোলারই রেহাই পাননি। ২৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন ঈশান। বিশেষ করে লেগ-স্পিনার ইশ সোধির এক ওভারে ২৯ রান তুলে নিয়ে কার্যত ম্যাচ নিউজিল্যান্ডের হাত থেকে ছিনিয়ে নেন তিনি। মাত্র ১৪ বলেই আসে তাঁর দ্বিতীয় পঞ্চাশ। অন্যদিকে সূর্যকুমার যাদব খেলেন পরিণত ও ঝরঝরে এক ইনিংস। ৩০ বলে ৬৩ রান বানান তিনি। হার্দিক পান্ডিয়া ৪২ রান বানান, নির্ধারিত ২০ ওভারে ভারত ২৭১ রান বানিয়ে ফেলে। পাহাড় সমান রান তাড়া করতে এসে নিউজিল্যান্ড দল ২২৫ রান বানায়, ভারত ম্যাচটি ৪৬ রানে জয়লাভ করে নেয়।