আর কয়েক সপ্তাহ পরেই শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। কিন্তু তার আগেই সামনে এসেছে বড় উদ্বেগের খবর। এলপিজি গ্যাসের সম্ভাব্য ঘাটতির কারণে টুর্নামেন্ট আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমানে পরিকল্পনা অনুযায়ী ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল ২০২৬। তবে এখনও পর্যন্ত পুরো ম্যাচসূচি প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যেই এলপিজি সংকটের সম্ভাবনা সামনে আসায় তৈরি হয়েছে নতুন প্রশ্ন, সময়মতো শুরু হবে তো এই টুর্নামেন্ট?
আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুন ধুমাল জানিয়েছেন, বোর্ড পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। তিনি বলেন, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনে পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ পড়েছে। এর প্রভাব পড়েছে ভারতের এলপিজি সরবরাহেও। এই পরিস্থিতিতে সরকার ঘরোয়া ব্যবহার এবং জরুরি পরিষেবার জন্য গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে।
Read More: টি২০ মহাযুদ্ধ শেষ, ODI বিশ্বকাপের আগে বড় চমক! ঘোষণা হল নতুন হেড কোচ !!
গ্যাস সংকটের প্রভাব IPL’এর মঞ্চে

ফলে হোটেল ও বাণিজ্যিক ক্ষেত্রে সরবরাহ কমে যেতে পারে। এই পরিস্থিতি আইপিএল আয়োজনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ প্রতিটি ম্যাচের সময় বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন হোটেলে থাকেন এবং পুরো ব্যবস্থাপনার জন্য রান্না ও অন্যান্য কাজে বিপুল এলপিজি ব্যবহার হয়। এরই মধ্যে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের কিছু হোটেল মালিক জানিয়েছেন, তাদের কাছে মাত্র এক-দুদিনের গ্যাস মজুত রয়েছে। পরিস্থিতি সামাল দিতে তারা খাবারের মেনু সীমিত করতে শুরু করেছেন।
এই অবস্থায় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা কঠিন হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। বর্তমানে বোর্ডের সামনে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিভিন্ন রাজ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় ম্যাচের সূচি চূড়ান্ত করতে সময় লাগছে। নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থা মাথায় রেখেই সূচি তৈরি করা হচ্ছে। অন্যদিকে কিছু ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই নিজেদের প্রশিক্ষণ শিবির শুরু করে দিয়েছে। দলগুলো নতুন মরশুমের প্রস্তুতিতে ব্যস্ত। খেলোয়াড়রা আশা করছেন নির্ধারিত সময়েই টুর্নামেন্ট শুরু হবে।