আইপিএল ২০২৬-এর (IPL 2026) আসর এবার হায়দ্রাবাদে গড়াচ্ছে, যেখানে ৫ই এপ্রিল, ঐতিহাসিক রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দশম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর মুখোমুখি হবে। এই ঐতিহাসিক ভেন্যুতে এটিই হবে মৌসুমের প্রথম খেলা, যা দর্শকদের জন্য এক রোমাঞ্চকর পরিবেশের প্রতিশ্রুতি দিচ্ছে। রবিবার ডবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। প্রতিটি দল তাদের ঘরের মাঠে একটি করে ম্যাচ খেলে ফেলেছে, এবার পালা সানরাইজার্স দলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে অভিযান শুরু করলেও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) দ্রুতই কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে বড় ব্যাবধানে জয় তুলে নিয়েছিল। এখন নিজেদের মাঠে খেলতে নেমে তারা এই জয়ের ধারা বজায় রাখতে এবং উপ্পালে নিজেদের সমর্থকদের সামনে আরও একটি জয় নিশ্চিত করতে চাইবে।
ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস নিজেদের একানা হোম গ্রাউন্ডে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়ে তাদের অভিযান শুরু করেছিল। প্রথম ম্যাচে দলের ব্যাটসম্যানরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। এলএসজি পুনরায় সংগঠিত হয়ে হায়দ্রাবাদে একটি শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়ে তাদের মৌসুমকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য রাখবে। শেষবার এই মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল পন্থের লখনৌ।
IPL 2026, SRH vs LSG পিচ রিপোর্ট

আজকের ম্যাচটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। মাঠটি তার সমতল ও ব্যাটিং-বান্ধব পিচের জন্য পরিচিত, যেখানে সঠিক বাউন্স পাওয়া যায় এবং বোলাররা খুব কমই সহায়তা পায়। ব্যাটসম্যানরা এখানে থিতু হতে পারেন, ফাঁকা জায়গা খুঁজে নিতে পারেন এবং বাউন্ডারির সুযোগ কাজে লাগাতে পারেন, যা রান করাকে সহজ করে তোলে। যেহেতু এটি দিনের খেলা, তাই শিশির কোনো প্রভাব ফেলবে না, সুতরাং টসে জেতা অধিনায়করা প্রথমে ব্যাট করে একটি বড় স্কোর গড়ার সিদ্ধান্ত নিতে পারেন। এখানে ২০০-এর বেশি স্কোর প্রায়শই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, যা তাড়া করা দলের ওপর চাপ সৃষ্টি করে। বোলারদের অবশ্যই নিখুঁত লাইন ও লেংথ বজায় রাখতে হয়। দুই দলের কাছে একেরপর এক পাওয়ার হিটাররা রয়েছেন।
আজকে রাজীব গান্ধী স্টেডিয়ামে সর্বাধিক ৩৩℃ তাপমাত্রা বিরাজমান থাকবে যা কমে ২৪ ডিগ্রীতে নেমে আসবে। বাতাসে ৩১ শতাংশ আপেক্ষিক আদ্রতা থাকবে এবং ২০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।
দুই দলের একাদশ
লখনউ সুপার জায়ান্টস (প্লেয়িং ইলেভেন): মিচেল মার্শ, ঋষভ পন্ত (w/c), এইডেন মার্করাম, নিকোলাস পুরান, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, মণিমারন সিদ্ধার্থ, আভেশ খান, মহম্মদ শামি, দিগ্বেশ সিং রথি, প্রিন্স যাদব
সানরাইজার্স হায়দ্রাবাদ (প্লেয়িং ইলেভেন): ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (ডব্লিউ/সি), হেনরিক ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, শিবাং কুমার, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট
দুই দলের ক্যাপ্টেনদের মন্তব্য
ঈশান কিষান – খুব খুশি, ঘরের দর্শকদের সামনে খেলাটা সবসময়ই আনন্দের। দুটি পরিবর্তন – লিভিংস্টোন এবং হর্ষাল প্যাটেল দলে এসেছেন। হর্ষাল এখানে সবসময়ই ভালো খেলেছে, লিভি আমাদের কিছু অফ-স্পিন দেবে। সিদ্ধান্ত গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালোভাবে চেষ্টা করতে হবে এবং নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দুই পয়েন্ট পাওয়াটা জরুরি, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে এবং একবারে একটি করে ম্যাচ খেলতে হবে।
ঋষভ পন্থ – আমরা প্রথমে বোলিং করতে চাইছি। উইকেটটা ভালো, কিন্তু একই সাথে, আপনারা জানেন, ওদের মূল শক্তি হলো ব্যাটিং। তাই, ওদেরকে প্রথমে ব্যাট করতে দেওয়া যাক। আমরা দ্বিতীয় ইনিংসে ওদের ওপর চাপ সৃষ্টি করতে পারি। আমরা প্রতি বছর এখানে আসি, এটা কোনো নতুন চ্যালেঞ্জ নয়। কিন্তু একই সাথে, এই দলটা আপনাকে ভালোভাবেই বিপদে ফেলতে পারে। তবে একই সাথে, যে দল ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। (পরিস্থিতি সম্পর্কে) উইকেটটা অবশ্যই ভালো মনে হচ্ছে। কিন্তু একই সাথে, উইকেটের মধ্যে একটা ব্যাপার আছে। পাওয়ারপ্লে-র পর, আমার মনে হয় বল উইকেটে ততটা আটকে থাকবে না। বল পুরোনো হয়ে যাবে এবং রান করা আরও কঠিন হবে। শুধু একটা পরিবর্তন, নর্টজের জায়গায় সিড (মণিমানন সিদ্ধার্থ) দলে এসেছেন। (আজ কি আপনি ওপেন করবেন?) দেখা যাক, দেখা যাক।