দিনের পর দিন দেশ জুড়ে নির্যাতনের ঘটনা যেন বেড়েই চলেছে। এবার ক্রীড়া ক্ষেত্রেও ঢুকে গিয়েছে এই নির্যাতনা। দেশের শুটিং জগতের অন্যতম পবিত্র প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত দিল্লির কর্ণি সিং শুটিং রেঞ্জকে ঘিরে এবার উঠল ভয়ঙ্কর অভিযোগ। ১৭ বছরের এক জাতীয় স্তরের নাবালিকা শুটারকে যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কোচিং স্টাফ অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে। পকসো আইনে মামলা দায়ের করেছে হরিয়ানা পুলিশ। ঘটনার পরই তাঁকে সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI)।
শুটিং দুনিয়ায় তোলপাড় ভারতীয় কোচের

সূত্রের দাবি, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর পারফরম্যান্স বিশ্লেষণের নাম করে অভিযুক্ত কোচ নাবালিকা শুটারকে ফরিদাবাদের সূরজকুণ্ড এলাকার একটি হোটেলে ডেকে পাঠান। প্রথমে লবিতে বৈঠকের কথা বলা হলেও, পরে তাঁকে জোর করে নিজের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফিজিওথেরাপির অজুহাতে শারীরিক স্পর্শ এবং পরে যৌন হেনস্থার অভিযোগ ওঠে।
নির্যাতিতা জানিয়েছে, ঘটনার সময় সে বাধা দিলে অভিযুক্ত কোচ তাঁকে ভয় দেখান এবং বিষয়টি প্রকাশ্যে এলে ক্রীড়াজীবন শেষ করে দেওয়ার হুমকি দেন। মন্তব্য করে নাবালিকা অভিযোগে জানিয়েছে, “আমি একটা চেয়ারে বসেছিলাম সেই সময় অঙ্কুশ ভরদ্বাজ আমার পিঠে মাসাজ করতে চান।” মাসাজ করতে বারণ করলে অঙ্কুশ তাঁকে যৌন হেনস্থা করেন। মানসিক আতঙ্কে দীর্ঘদিন চুপ করে থাকলেও শেষ পর্যন্ত চলতি বছরের জানুয়ারিতে মায়ের কাছে সমস্ত ঘটনা জানায় সে। এরপর ফরিদাবাদের এনআইটি মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়।
যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত অঙ্কুশ

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ধারা ৬ এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তে একাধিক দল গঠন করা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড, যাতায়াত সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে।
এই ঘটনায় NRAI জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে কোনও নতুন দায়িত্ব দেওয়া হবে না। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, নৈতিকতার প্রশ্নে কোনও আপস করা হবে না।উল্লেখযোগ্যভাবে, অঙ্কুশ ভরদ্বাজ একজন প্রাক্তন পিস্তল শুটার এবং অতীতে ডোপিং কাণ্ডে নিষিদ্ধও হয়েছিলেন। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে নাবালিকা শুটারকে হেনস্থার অভিযোগ সামনে আসায় ক্রীড়া প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।