২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী শনিবার, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মূল টুর্নামেন্ট। তবে তার আগেই সোমবার থেকে গড়াচ্ছে প্রস্তুতি পর্বের ওয়ার্ম-আপ ম্যাচগুলো। এই পর্যায়ে একসঙ্গে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে – আফগানিস্তান বনাম স্কটল্যান্ড, ইন্ডিয়া ‘এ’ বনাম যুক্তরাষ্ট্র (USA) এবং কানাডা বনাম ইতালি। এই ওয়ার্ম-আপ ম্যাচগুলোর মধ্যে একমাত্র ভারতই তাদের মূল দলের বদলে ‘এ’ দলকে নামাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে আলোচনা শুরু হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
বিশ্বকাপের আগে অনুশীলনে আসছে USA

টানা ম্যাচের ধকল কাটিয়ে বিশ্বকাপের আগে মূল দলের ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দেওয়াই বোর্ডের মূল উদ্দেশ্য। সেই সঙ্গে এই সুযোগে বেঞ্চ শক্তি যাচাই করে নেওয়ার দিকেও নজর রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ফলে ওয়ার্ম-আপ ম্যাচে ‘ইন্ডিয়া এ’ দল নামিয়ে ভবিষ্যতের বিকল্পদের পরীক্ষা করে দেখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দলে বিশেষ নজর থাকবে তরুণ ব্যাটার তিলক বর্মার (Tilak Varma) দিকে। জানুয়ারির শুরুতে রঞ্জি ট্রফি খেলতে গিয়ে চোট পান তিনি এবং পরে টেস্টিকুলার সার্জারির মধ্য দিয়ে যেতে হয়। প্রায় এক মাসের বিরতির পর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স (CoE) তাঁকে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে।
Read More: “আমরা বিশ্বকাপ খেলব..”, নকভিকে জোকার বানিয়ে ঘোষণা করলেন পাকিস্তান অধিনায়ক !!
বিশ্বকাপের আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচেই মাঠে নামবেন তিলক। এই ম্যাচগুলো তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথম একাদশে ফেরার জন্য নিজেকে প্রমাণ করার এটাই বড় সুযোগ। বিশেষ করে সঞ্জু স্যামসনের সাম্প্রতিক খারাপ ফর্ম তিলকের জন্য আশার আলো দেখাচ্ছে। ওপেনিং বা টপ অর্ডারে ধারাবাহিক রান না পেলে টিম ম্যানেজমেন্ট বিকল্প ভাবতেই পারে। সেই জায়গায় তিলক নিজের পারফরম্যান্স দিয়ে জোরালো দাবি জানাতে চাইবেন।
IND A vs USA ম্যাচ কোথায় দেখবেন
টিম ইন্ডিয়া ‘এ’ বনাম যুক্তরাষ্ট্রের ওয়ার্ম-আপ ম্যাচটি অনুষ্ঠিত হবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা থেকে। ক্রিকেটপ্রেমীরা এই প্রস্তুতি ম্যাচটি সরাসরি দেখতে পারবেন জিও হটস্টার এবং আইসিসি ডট টিভিতে।
ইন্ডিয়া এ দলের স্কোয়াড
আয়ুশ বাদোনি (C), নমন ধীর, আশুতোষ শর্মা, প্রিয়ংশ আর্য, এন জগদীসান (WK), তিলক ভার্মা, রিয়ান পরাগ, মানব সুথার, অশোক শর্মা, উরভিল প্যাটেল (WK), গুরজাপনীত সিং, বিপ্রজ নিগম, রবি বিষ্ণোই, খলিল আহমেদ, মায়াঙ্ক যাদব।