আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026), বিশ্বকাপের উত্তেজনার মাঝেই ভারতীয় শিবিরে চরম দুশ্চিন্তা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেন টিম ইন্ডিয়ার অন্যতম ভরসাযোগ্য পেসার। ৭ ফেব্রুয়ারি মাঠে নামতে দেখা যাবে ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রকে। এই ম্যাচের আগেই নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে প্রস্তুতি ম্যাচ খেলতে দেখতে পাওয়া গিয়েছিল। বিশ্বকাপ শুরুর মাত্র দু’দিন আগে এমন ঘটনা নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। আসলে, ভারতীয় দলের তারকা পেসার হার্ষিত রানা (Harshit Rana) চোট পেয়েছেন। এদিন, দক্ষিণ আফ্রিকায় বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের শুরুতে হর্ষিতের মধ্যে কোনও অস্বস্তি দেখা যায়নি। ব্যাট করতে নেমে মাত্র এক বল খেলেন তিনি। কিন্তু বল করতে এসেই বিপত্তি।
রান আপে দৌড়ানোর সময় বারবার থেমে যেতে হয় তাঁকে। হাঁটুতে ব্যথা নিয়ে বসে পড়েন মাঠেই। যন্ত্রণার মধ্যে ওভার শেষ করেন তিনি, এরপর আর মাঠে নামেননি তিনি। এমনিতেই, বিশ্বকাপের আগে থেকেই চোটের সমস্যায় জর্জরিত ভারতীয় দল। তিলক বর্মা (Tilak Varma) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) — দু’জনই চোট পেয়েছিলেন আগেই। তিলক অবশ্য চোট সারিয়ে ফিরেছেন এবং প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাসী ফর্মে রয়েছেন। প্রথম ম্যাচে তিলক ১৯ বলে ৪৫ রান বানিয়েছিলেন। অন্যদিকে, ওয়াশিংটনের ফিটনেস নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এই পরিস্থিতিতে হর্ষিতের চোট ভারতের বোলিং আক্রমণকে বড় চাপে ফেলেছে।
Read More: WPL 2026: নাচ–গান–গ্ল্যামারে মোড়া WPL ফাইনাল, সমাপ্তি অনুষ্ঠানে থাকছে মালাইকা–তলবিন্দরের জাদু !!
হর্ষিত রানার চোটে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া

সাম্প্রতিক সময়ে হর্ষিত নিয়মিত প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। বিশেষ করে পাওয়ারপ্লে ও ডেথ ওভারে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সাম্প্রতিক ম্যাচগুলোতে সেভাবে ছন্দে দেখা যায়নি হার্ষিতকে। তবে, যে হিসাবে তাকে টিম ম্যানেজমেন্ট সমর্থন করছে তাতে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এমন বোলারের অভাব বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
বিসিসিআই এখনও পর্যন্ত তাঁর চোটের মাত্রা নিয়ে কিছু জানায়নি। ফলে জল্পনা বেড়েই চলেছে। বিশ্বকাপের আগে তাঁর চোট কতটা গুরুতর তার উপর নির্ভর করে রয়েছে তার বিশ্বকাপ খেলা। টুর্নামেন্ট শুরুর আগে বাড়ছে আশঙ্কা। চোট গুরুতর হতে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে এখন সবচেয়ে বড় প্রশ্ন – হর্ষিত কি সময়মতো ফিট হয়ে উঠতে পারবেন? নাকি বিশ্বকাপের শুরুতেই তাঁকে ছাড়া নামতে হবে ভারতকে? আপাতত হার্ষিত রানা ভারতের হয়ে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন।