চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) শক্তিশালী দল হিসেবে মাঠে নেমেছে ভারত। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছে। এই ম্যাচের প্রথম ইনিংসে একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে গিয়েছিল ব্লু ব্রিগেডরা। সেই সময় সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এসে হাল ধরেন। এছাড়াও বোলিং বিভাগে সুযোগ পেয়ে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) নিজের জাত চেনান।
অন্যদিকে এই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) দেখতে পাওয়া গিয়েছিল। লাইভ ম্যাচে চাহালকে অপমানজনক মন্তব্য করেন হরভজন সিং (Harbhajan Singh) এবং বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। যা নিয়ে বর্তমানে বিতর্ক তৈরি হয়েছে।
Read More: ভারতের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের নজির গড়লেন এই আফগান ক্রিকেটার, ছাড়লেন PSL !!
লাইভ ম্যাচে অপমানিত চাহাল-

যুজবেন্দ্র চাহাল ক্রিকেট মাঠের বাইরে বিভিন্ন কারণে চর্চায় থাকেন। বিবাহ বিচ্ছেদের পর আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এই তারকা স্পিনার। সাম্প্রতিক সময়ে এই সম্পর্কেও ফাটল ধরেছে বলে জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে গত কয়েক বছরে একাধিকবার চোট সমস্যায় পড়েছেন চাহাল। সাম্প্রতিক সময় শারীরিক অসুস্থতার কারণে ঘরোয়া ক্রিকেটও মাঠে নামতে পারেননি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেখানে ভারতের জার্সি পরে মাঠে নামার কথা ছিল তার বদলে ধারাভাষ্যকার হিসেবে লক্ষ্য করা যাচ্ছে চাহালকে।
গত শনিবার যখন ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ চলছিল সেই সময় হরভজন সিং এই জনপ্রিয় ক্রিকেটারকে উদ্দেশ্যে ‘লাকড়ি’, ‘দুবলা-পাতলা’ মতো অপমানজনক শব্দ ব্যবহার করেন। সিনিয়র ক্রিকেটার হয়ে জাতীয় টেলিভিশন চ্যানেলে এইভাবে কোনো ক্রিকেটারকে নিয়ে মজা করা অনেকেই মেনে নিতে পারছেন না। উল্লেখ্য ধারাভাষ্যকারদের প্যানেলে বীরেন্দ্র সেহবাগও উপস্থিত ছিলেন। চাহাল “হ্যাঁ ভাইয়া” বলে বিষয়টি হালকা করতে চাইলেও তিনি ব্যক্তিগতভাবে খুশি হননি বলেই উল্লেখ করছেন নেটিজেনরা।
জয় দিয়ে যাত্রা শুরু ভারতের-

ভারতীয় দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্যত উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করবে বলে ভক্তরা আশা করেছিলেন। কিন্তু ম্যাচে ইউএসএ প্রসংশনীয় লড়াই চালিয়ে অভিষেক শর্মাদের (Abhishek Sharma) চাপের মুখে ফেলে দেয়। ব্লু ব্রিগেডরা প্রথম ইনিংসে এক সময় ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। এই সময় এসে হাল ধরেন সূর্যকুমার যাদব। অধিনায়ক ব্যাট হাতে ৪৯ বলে ৮৪ রান করেন। তার ব্যাট থেকে আসে ৪ টি ছয় ১০ টি চার।
এই রানের ওপর ভর করে ভারত ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে দলের হয়ে বল হাতে ভরসা হয়ে ওঠেন মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং (Arshdeep Singh) থেকে অক্ষর প্যাটেল (Axar Patel)। ফলে শেষ পর্যন্ত ২৯ রানে জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। ১৫ ফেব্রুয়ারি রয়েছে পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের সম্ভবনা। কিন্তু এই ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।