IND vs ENG: এক অবিস্মরণীয় ও অবিশ্বাস্য ম্যাচের পরিসমাপ্তি ঘটলো টিম ইন্ডিয়া ও ইংল্যান্ডের মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’এর মেগা সেমিফাইনালের মঞ্চে রুদ্ধশ্বাস একটি জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানে পৌঁছে যায়। এই রান তাড়া করতে এসে ইংল্যান্ড দুর্দান্ত একটি ফাইট ব্যাক দেখায় এবং ২৪৬ রান বানিয়ে ফেলে। দুরন্ত এই লড়াইয়ে টিম ইন্ডিয়া ৭ রানে জয় সুনিশ্চিত করে নিয়ে চলতি বিশ্বকাপের মেগা ফাইনালে পৌঁছে গেল। আহমেদাবাদে আগামী ৮ই মার্চ মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড।
রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া

আজকের ম্যাচের কথা (IND vs ENG) বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে ভারতীয় দলের হয়ে সঞ্জু স্যামসন ৮৯ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। পাশাপশি, শিবম দুবে (৪৩), ঈশান কিষান (৩৯), হার্দিক পান্ডিয়া (২৭), তিলক ভার্মা (২১), সূর্যকুমার (১১), অভিষেক শর্মা (৯) ও অক্ষর প্যাটেল (২*) রান করে ভারতের স্কোর পৌঁছে দিয়েছিলেন ৭ উইকেটে ২৫৩ তে। জবাবে ব্যাটিং করতে এসে ইংল্যান্ড দল পাওয়ার প্লের মধ্যে রান বানালেও ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল।
ইংল্যান্ড দলের হয়ে অসাধারণ ফাইট ব্যাক করেন ২২ বছরের জেকব বেথাল। পাশাপশি, উইল জ্যাকস ৩৫ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। দুজনের মধ্যে ৩৯ বলে ৭৭ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল, যেটি ভারতের জন্য মূল চিন্তার বিষয় ছিল। টিম ইন্ডিয়ার হয়ে অনবদ্য ফিল্ডিং করেছেন অক্ষর প্যাটেল, তাঁর ধরা দুটি ক্যাচে যেন অক্সিজেন জুগিয়েছে ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের হয়ে শেষের দিকে স্যাম কারান (১৮) ও জোফরা আর্চার (১৯) রান বানান। ইংল্যান্ড দলের হয়ে আজকের সেরা ব্যাটসম্যান ছিলেন জেকব বেথাল। ৪৮ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন তিনি। ভারতের এই জয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।