চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2026) নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার, ৮ এপ্রিল, নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মুখোমুখি হতে চলেছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (DC) এবং শুভমান গিলের গুজরাট টাইটান্স (GT)। দিল্লি তাদের প্রথম দুই ম্যাচ জিতেছে মূলত সমীর রিজভির (Sameer Rizvi) দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে। তিনি দুই ম্যাচেই অপরাজিত অর্ধশতরান হাঁকিয়েছেন। পাশাপশি, মিচেল স্টার্ককে ছাড়াও দলটি বোলিং বিভাগে মুকেশ কুমার, লুঙ্গি এনগিডি এবং টি নটরাজনের দুরন্ত বোলিং উপভোগ করছে। অন্যদিকে, গুজরাট টাইটান্স তাদের মৌসুম শুরু করেছে টানা দুই হার দিয়ে। প্রথমে পাঞ্জাব কিংস (PBKS) এবং পরে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে হেরে।
গত বারের মতন এবারেও, মিডল অর্ডারের ব্যাটিং দুর্বল দেখিয়েছে, আর বোলিংও খুব একটা প্রভাব ফেলতে পারেনি। তার ওপর অধিনায়ক শুভমন গিলের ফিটনেস নিয়ে উদ্বেগ দলটির চিন্তা আরও বাড়িয়েছে। শেষ ম্যাচে তিনি উপলব্ধ ছিলেন না। অন্যদিকে, আজকের ম্যাচটি জমজমাট হওয়ার সম্ভাবনা থাকলেও, বৃষ্টি আবারও বাধা হয়ে দাঁড়াতে পারে। শেষ দুই ম্যাচে দেখা গিয়েছে বৃষ্টি, প্রথমে ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের ম্যাচ ভেস্তে যায় এরপর আসামে মুম্বই ও রাজস্থানের ম্যাচটি ১১ ওভার করে খেলা হয়েছিল।
Read More: চলতি IPL’এর মাঝেই বড় সিদ্ধান্ত ফ্রাঞ্চাইজির, চোটিল শ্রীলঙ্কান তারকার থেকে মুখ ফেরালো দল !!
IPL 2026, DC vs GT পিচ ও আবহাওয়া পূর্বাভাস

অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ নম্বর ৫-এ আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই পিচ সাধারণত বড় রান হওয়ার জন্য পরিচিত। তবে দীর্ঘ সময় কভার দিয়ে ঢাকা থাকায় পিচে কিছুটা আর্দ্রতা থাকতে পারে, যা প্রথমে বল করা দলের পেসারদের সাহায্য করতে পারে। সেই কারণে টস জিতলে অধিনায়করা আগে বোলিং করতেই চাইবেন। মাঠটি তুলনামূলক ছোট, এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে কালো মাটির উইকেটে খেলেছিল দিল্লি। যেখানে মুম্বাই দলের ব্যাটসম্যানদের বেশ সমস্যায় ঠেলে দিয়েছিল। গুজরাট দলে মিডিল অর্ডারে বেশ সমস্যা দেখা যাচ্ছে, দিল্লি দলের বোলাররা যেভাবে ছন্দে রয়েছেন তাতে গুজরাটের ব্যাটসম্যানদের জন্য বেশ সমস্যা হবে।
এবার আবহাওয়ার কথা বলতে গেলে, গত কয়েকদিন ধরে নিউ দিল্লিতে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগের দিনও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। এর ফলে দুই দলের অনুশীলনও কিছুটা ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতর অনুযায়ী, দিনের বেলায় আংশিক রোদ থাকলেও বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলা সর্বাধিক ২৫℃ তাপমাত্রা এবং রাতের দিকে ১৬℃ তাপমাত্রায় নেমে আসবে। ঘন্টায় ৬ কিমি বেগে বাতাস বইবে। ৫৫% বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। সাথে বাতাসে ৪৭ শতাংশ আপেক্ষিক আদ্রতা দেখতে পাওয়া যাবে।