২০২৬ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) টিম ইন্ডিয়ার সামনে সেমিফাইনালে ওঠার সমীকরণ আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। গতকাল সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানের বিশাল ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। আপাতত ক্যারিবিয়ানদের সঙ্গে সমান পয়েন্ট রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। তবে নেট রান রেটের বিচারে উইন্ডিজ দল অনেকটাই এগিয়ে গিয়েছে। প্রতিটি দল একটি করে ম্যাচ খেলার পর, উইন্ডিজ দলের বর্তমান নেট রান রেট ৫.৩৫০, এবং দক্ষিণ আফ্রিকার ৩.৮০০। এই পরিস্থিতিতে তিন নম্বরে থাকা ভারতীয় দলের নেট রান রেট -৩.৮০০-তে। ফলে ভারতের জন্য শেষ চারের দরজা এখনও খোলা থাকলেও পথটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
দুরন্ত জয় পেয়ে শীর্ষে পৌছালো ওয়েস্ট ইন্ডিজ

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার মাত্র ৩৪ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নির্ধারিত ওভারে উইন্ডিজ ২৫৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়। ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবোয়ে। নিয়মিত উইকেট পড়তে থাকায় তারা কখনও লড়াইয়ে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় তারা। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে গুডাকেশ মোতি ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরম্যান্স করেন, আর আকিল হুসেন নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। ফলে ১০৭ রানের দাপুটে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
Read More: “সেমিফাইনালেই ভারত পৌঁছাবে না..”, মহম্মদ আমিরের যুক্তিসঙ্গত ভবিষ্যদ্বাণী নিয়ে চিন্তায় ভক্তরা !!
কপাল পুরেছে টিম ইন্ডিয়ার

এখন ভারতের সামনে সমীকরণ পরিষ্কার কিন্তু কঠিন। তাদের বাকি দুটি ম্যাচ -জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচ দুটিতেই জয় পায়, তবে তারা ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে এবং ভারত ৪ পয়েন্ট নিয়ে সরাসরি দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যেতে পারে। তবে সমস্যা তৈরি হবে যদি দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ হারে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কাছে। সেক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ – তিন দলেরই পয়েন্ট হবে ৪ করে। তখন সবকিছু নির্ভর করবে নেট রান রেটের উপর, যেখানে ভারত অনেকটাই পিছিয়ে। তাই শুধু জয় পেলেই চলবে না, বড় ব্যবধানে জয় পেতে হবে। অন্তত ৫০ বা তার বেশি রানে জয়, কিংবা লক্ষ্য তাড়া করলে ১২-১৩ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে। এখন টিম ইন্ডিয়ার ভাগ্য নির্ধারিত রয়েছে সম্পূর্ণ দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উপর।