IPL 2026: চলতি আইপিএলের ৬৭তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (SRH vs RCB)। দুর্দান্ত এই লড়াইয়ে সানরাইজার্সের ব্যাটিং তাণ্ডবে বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৫ রানের বিশাল স্কোর তোলে হায়দ্রাবাদ দল। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। মাত্র ২২ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস দেখা যায় তাঁর ব্যাট থেকে। এমনকি, ট্রাভিস হেডও দ্রুত রান তুলে দলের ভিত শক্ত করেন।
মাঝের ওভারে ইনিংসকে আরও ভয়ঙ্কর রূপ দেন ঈশান কিষাণ (Ishan Kishan) ও হেনরিখ ক্লাসেন। ঈশান ৪৬ বলে ৭৯ রানের অসাধারণ ইনিংস খেলেন, আর ক্লাসেন মাত্র ২৪ বলে তুলে নেন অর্ধশতরান। শেষদিকে নীতীশ রেড্ডির ঝড়ো ক্যামিওতে রান ২৫০ পেরিয়ে যায় সানরাইজার্স। ব্যাঙ্গালুরুর বোলাররা কার্যত কোনও মুহূর্তেই ম্যাচে ফিরতে পারেননি। কয়েকটি উইকেট এলেও রান আটকাতে ব্যর্থ হয় তারা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে RCB।
৫৫ রানে গুরুত্বপূর্ণ জয় SRH’এর

শেষ পর্যন্ত ৫৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ২৫৬ রানের কঠিন লক্ষ্য সামনে রেখেও হাল ছাড়েনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করেন ব্যাটাররা। নতুন ওপেনিং জুটিও দেখা গিয়েছে আজ। ভেঙ্কটেশ আইয়ার মাত্র ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তবে অন্যদিকে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় চাপ বাড়তে থাকে দলের উপর। বিরাট কোহলি দ্রুত আউট হয়ে ফিরলেও রজত পাটিদার ইনিংস সামলানোর চেষ্টা করেন। শেষের দিকে অধিনায়ক রজত পতিদার দায়িত্ব নিয়ে ৩৯ বলে ৫৬ রান করেন তিনি। দেবদত্ত পাডিক্কাল ও ক্রুনাল পান্ডিয়াও গুরুত্বপূর্ণ রান যোগ করেন। শেষদিকে টিম ডেভিড দ্রুত কিছু রান তুললেও ম্যাচের রাশ তখন পুরোপুরি হায়দরাবাদের হাতে।
হায়দ্রাবাদের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। ঈশান মালিঙ্গা দুটি, শাকিব হুসেন একটি ও ট্রেভিস হেড একটি উইকেট তুলে নেন। ৫৫ রানের বড় জয় তুলে নিয়েও শীর্ষ দুই স্থান পাকা করতে পারলো না SRH। ১৪ ম্যাচে ১৮ পয়েন্টে তিন দল থাকলেও নেট রানরেটের বিচারে আরসিবি শীর্ষে, গুজরাট দ্বিতীয় এবং হায়দ্রাবাদ তৃতীয় স্থানে প্লে-অফে পৌঁছাবে।